চট্টগ্রাম পর্বের পর্দা উঠছে আজ

ঢাকা পর্বের খেলা শেষে বঙ্গবন্ধু বিপিএল চট্টগ্রাম পর্বের পর্দা উঠছে আজ। চট্টগ্রামে মোট ম্যাচ হবে ১২টি। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে খুলনা টাইগার্স এবং রাজশাহী রয়্যালস। দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স লড়বে সিলেট থান্ডারের বিপক্ষে। আগামীকাল বুধবার এই পর্বের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে কুমিল্লা ওয়ারিয়র্স ও রংপুর রেঞ্জার্স। দিনের অপর ম্যাচে ঢাকা প্লাটুনের বিপক্ষে লড়াই করবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

১২ ম্যাচ শেষে চট্টগ্রাম পর্বের পর্দা নামবে ২৪ ডিসেম্বর। এরই মধ্যে বিপিএলের দলগুলো চট্টগ্রামে এসে পৌঁছেছে। সবার আগে বন্দরনগরীতে এসেছে খুলনা টাইগার্স। তারা এসে কোনো বিশ্রাম নেয়নি। এমএ আজিজ স্টেডিয়ামে নেমে পড়েছিল অনুশীলনে। পাঁচটি দল থাকবে র্যাডিসন ব্লু হোটেলে। দলগুলো হচ্ছে ঢাকা প্লাটুন, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, খুলনা টাইগার্স, কুমিল্লা ওয়ারিয়র্স এবং রংপুর রেঞ্জার্স। আর হোটেল পেনিনসুলায় থাকছে রাজশাহী রয়েলস ও সিলেট থান্ডার্স।

এদিকে বিপিএল চট্টগ্রামে বিপিএলকে বরণ করতে পুরোপুরি প্রস্তুত জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম। আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনে অভ্যস্ত জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের মাঠ, উইকেট সব প্রস্তুত। শেষ হয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতিও।

গতকাল থেকে এমএ আজিজ স্টেডিয়াম ও সাগরিকার বিটাক মোড়ে নির্মিত কাউন্টারে টিকিট বিক্রি শুরু হয়েছে। বিপিএলের চট্টগ্রাম আসরের জন্য জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পূর্ব গ্যালারির টিকিটের দাম রাখা হয়েছে ২০০ টাকা, পশ্চিম গ্যালারি ৩০০ টাকা, ক্লাব হাউস এবং ইন্টারন্যাশনাল গ্যালারি ৫০০ টাকা। এছাড়া গ্র্যান্ড স্ট্যান্ড এর টিকিটের দাম ১৫০০ টাকা। প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচ দুপুর দেড়টায় আর দ্বিতীয়টি সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে। শুক্রবার জুমার নামাজের কারণে প্রথম ম্যাচটি শুরু হবে দুপুর ২টায় এবং দ্বিতীয়টি সন্ধ্যা ৭টায়।