ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ে নায়কোচিত ভূমিকা। অ্যাশেজে অসাধারণ পারফরম্যান্স। সোনায় মোড়ানো বছরের যোগ্য স্বীকৃতি পেলেন বেন স্টোকস। ইংল্যান্ডের অলরাউন্ডার জিতেছেন মর্যাদাপূর্ণ বিবিসি বর্ষসেরা ক্রীড়া ব্যক্তিত্বের পুরস্কার। বিবিসির পাঠক-অনুসারীদের ভোটে স্টোকসের ঠিক পেছনে ছিলেন ফর্মুলা ওয়ান ড্রাইভার লুইস হ্যামিল্টন। ২০১৯ বিবিসি বর্ষসেরার আয়োজনে ছিল ক্রিকেটের জয়জয়কার। বিশ্বকাপ ক্রিকেটে শিরোপাজয়ী ইংল্যান্ড জিতেছে বর্ষসেরা দলের পুরস্কার। লর্ডসে বিশ্বকাপের ফাইনালে সুপার ওভারে মার্টিন গাপটিলকে করা জস বাটলারের রান আউট, যেটিতে নির্ধারিত হয়েছিল শিরোপা, সেটি নির্বাচিত হয়েছে বছরের সেরা মুহূর্ত। স্টোকসের আগে কোনো ক্রিকেটার সবশেষ এই স্বীকৃতি পেয়েছিলেন অ্যান্ড্রু ফ্লিন্টফ, ২০০৫ সালে। ১৯৫৪ সাল থেকে চলে আসা পুরস্কারে বর্ষসেরার স্বীকৃতি স্টোকসকে দিয়ে পেলেন কেবল পাঁচ জন ক্রিকেটার।