রোনালদোর আরো একটি রেকর্ড

হ্যাটট্রিকবঞ্চিত ক্রিশ্চিয়ানো রোনালদো জোড়া গোল করে আরো একটি রেকর্ড গড়লেন। গত রবিবার রাতে উদিনেজের বিপক্ষে জুভেন্তাসের ৩-১ জয়ে দুই গোল দেন রোনালদো। ফলে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের প্রথম খেলোয়াড় হিসেবে টানা ১৫ মৌসুম সব প্রতিযোগিতায় কমপক্ষে দশটি করে গোল করলেন পর্তুগিজ এই ফরোয়ার্ড। এই নিয়ে শেষ চার ম্যাচে পাঁচ গোল করলেন রোনালদো। লিগে করেছেন নয় গোল। সব প্রতিযোগিতা মিলিয়ে সংখ্যাটা ১৯ ম্যাচে ১১। রোনালদো ২০০৫-২০০৬ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে গোলযাত্রাটি শুরু করেন। এরপর ২০০৯ সালে রিয়াল মাদ্রিদে যাওয়ার পরও এটি অব্যাহত থাকে। গত বছরের জুলাইয়ে ইতালিতে পাড়ি জমানোর পর জুভেন্তাসের হয়েও গোলের ধারাবাহিকতা অব্যাহত রেখে রেকর্ডটি গড়েন তিনি।