নরসিংদীতে ৯৯ জন মুক্তিযোদ্ধার রত্নগর্ভা মায়েদের সংবর্ধনা

নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন জেলার মুক্তিযোদ্ধাদের ৯৯ জন রত্নগর্ভা, অর্থাত্ বীরগর্ভা মাতাকে সংবর্ধনা প্রদান করেছেন। এ সময় তিনি বক্তব্য রাখতে গিয়ে আবেগাপ্লুুত হয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, ‘জাতির শ্রেষ্ঠ রত্নগর্ভা মায়েদের সম্মান জানানোর ভাষা আমাদের জানা নেই। তবে এ দেশের প্রতি ইঞ্চি মাটি, তরুলতা, পাখি, ফুল, নদী জানে তাদের প্রতি আমাদের ঋণ।’ 

গত রবিবার জেলা শিল্পকলা একাডেমিতে এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম জামেরি হাসান। বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভূইয়া, ’৭১-এর মুক্তিযুদ্ধ সেক্টরস কমান্ডার ফোরাম নরসিংদী শাখার সভাপতি আব্দুল মোতালিব পাঠান, রায়পুরা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. নজরুল ইসলাম, অধ্যক্ষ মোহাম্মদ আলী, অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস প্রমুখ।

উপস্থিত ছিলেন ডিডিএলজি মাহবুব উল করিম, অধ্যক্ষ প্রফেসর সূর্য্যকান্ত দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরুল কায়েস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমল কুমার ঘোষ প্রমুখ।