রাজশাহী নগরীকে আলো ঝলমলে করতে বসানো হচ্ছে ১৬টি এলইডি ফ্লাড লাইট পোল। রবিবার রাত ৮টায় নগরীর শহিদ কামারুজ্জামান চত্বরে সুইচ টিপে দুইটি পোলের উদ্বোধন করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। এই লাইটিং সিস্টেমের মাধ্যমে শহিদ কামারুজ্জামান চত্বরের চারপাশের প্রায় আধা কিলোমিটার এলাকা আলোকিত হয়েছে। পর্যায়ক্রমে পুরো নগরীকে এভাবে সুউচ্চ পোলের লাইটের আলোয় আলো ঝলমলে করা হবে বলে জানা রাসিক মেয়র লিটন। বাকি ১৪টি পোল বাসানোর কাজ এগিয়ে চলেছে বলেও জানান তিনি।
এদিকে, শহিদ কামারুজ্জামান চত্বরে লাইট দুইটি উদ্বোধনের পর দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন রাসিকের পানি ও বিদ্যুত্ স্থায়ী কমিটির সভাপতি তরিকুল আলম পল্টু, ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুল মোমিন, প্রধান প্রকৌশলী মো. আশরাফুল হক, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুত্) রেয়াজাত হোসেন রিটু, সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান সুইট প্রমুখ।
রাসিক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের উদ্যোগে প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে নগরীর ১৬টি স্থানে এই সুুউচ্চ এলইডি ফ্লাড লাইট পোল বসানো হচ্ছে। এগুলো হচ্ছে—শহিদ কামারুজ্জামান চত্বর, তালাইমারি মোড়, ভদ্রা মোড়, রেলস্টেশন, শহিদ কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামের সামনে, আলিফ লাম মিম ভাটা মোড়, আম চত্বর, আলুপট্টি, সাহেববাজার জিরোপয়েন্ট, বড়কুঠি, লালনশাহ পার্কের সামনে, সিঅ্যান্ডবি মোড়, লক্ষ্মীপুর মোড়, ঘোড়া চত্বর, কোর্ট স্টেশন মোড়।
প্রতিটি পোলের উচ্চতা ৫৬ ফুট। একেকটি পোলে ২০টি করে এলইডি লাইট থাকবে। ফলে চারপাশের প্রায় আধা কিলোমিটার এলাকা জুড়ে এই পোলের লাইট আলোকিত করবে। এতে করে যেসব এলাকায় এই পোল বসবে সেখানে আর ছোটো ছোটো লাইটের পোল প্রয়োজন হবে না। নতুন এই সুউচ্চ পোলের কারণে বিদ্যুত্ সাশ্রয় হবে।