টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন

টুঙ্গিপাড়ায় স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে গতকাল কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে বিজয় দিবসের শ্রদ্ধা নিবেদন করা হয়। সকালে পুষ্পস্তবক অপর্ণের মাধ্যমে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের পর নেতৃবৃন্দ কিছুক্ষণ বেদির পাশে দাঁড়িয়ে পবিত্র ফাতেহাপাঠ ও বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন। কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি, কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক ও ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, শ্রমবিষয়ক সম্পাদক হাবুিবুর রহমান সিরাজ, প্রধানমন্ত্রীর চাচা বিশিষ্ট সমাজসেবক শেখ কবির হোসেন, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সহসভাপতি শেখ রুহুল আমিন, প্রচার সম্পাদক এম. বদরুল আলম বদর, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক শেখ আবুল বশার খায়ের, উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ তোজাম্মেল হক টুটুলসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এসময়  উপস্থিত ছিলেন।

এরপর গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ, ইসলামী ব্যাংকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে  বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

বিজয় দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গোপালগঞ্জে দিবসটির কর্মসূচির সূচনা করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।