বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম বলেছেন, আদালতে বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে মেডিক্যাল বোর্ডের যে রিপোর্ট পেশ করা হয়েছে, এর সঙ্গে তার শারীরিক অবস্থার বাস্তবে কোনো মিল নেই। বেগম খালেদা জিয়ার শরীর খুবই খারাপ। এখন তার পেটে প্রচণ্ড ব্যথা। হাঁটাচলা করতে পারছেন না। ঠিকমতো খেতে পারছেন না। ডাক্তার ঠিকমতো ওষুধ দিচ্ছে না। ঠিকমতো চিকিত্সা হচ্ছে না। এখানে কীভাবে বাঁচবে? ডায়াবেটিস কন্ট্রোলে আসছে না। ডায়াবেটিসের সুগার ১২-এর নিচে কখনোই আসেনি। সব সময় ১৪-১৫ থাকে।
গতকাল সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিত্সাধীন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত্ শেষে তিনি এ অভিযোগ করেছেন। খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাওয়া পরিবারের সদস্যদের মধ্যে ছিলেন তার সেজো বোন সেলিমা ইসলাম, তার স্বামী অধ্যাপক রফিকুল ইসলাম, ছোটো ভাই শামীম এস্কান্দার, তার স্ত্রী কানিজ ফাতেমা ও ছেলে অভিক এস্কান্দার।