পুরান ঢাকার চকবাজার ও কেরানীগঞ্জে নকল প্রসাধনী তৈরির অপরাধে সাত জনকে কারাদণ্ড এবং ৪৯ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। জব্দ করে ধ্বংস করা হয়েছে ১৯ কোটি টাকার নকল ও ভেজাল প্রসাধনী। র্যাব-১০ এর সহযোগিতায় শনিবার ও রবিবার টানা দুই দিনের এ অভিযান পরিচালনা করেন র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম।
তিনি জানান, অভিযানে ১১টি নকল ও ভেজাল প্রসাধনীর কারখানা ও গোডাউন সিলগালা করা হয়। দীর্ঘদিন ধরে এ অসাধু ব্যবসায়ীরা বিভিন্ন দেশি-বিদেশি নামিদামি ব্র্যান্ডের মোড়ক ব্যবহার করে নকল ও ভেজাল প্রসাধনী বাজারজাত করে আসছিল। অভিযানে অনুমোদনহীন, নকল, ক্ষতিকর ও নিম্নমানের প্রসাধনী তৈরি, মজুত ও বাজারজাত করায় ছয় জনকে ২ বছর করে এবং একজনকে এক বছর কারাদণ্ড দেওয়াসহ ৪৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে।