মহান বিজয় দিবসে স্বাধীনতা যুদ্ধে শহিদ বীর পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। গতকাল সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে শহিদ পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে তিনি শ্রদ্ধা জানান। এরপর একে একে শহিদদের স্মৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম, র?্যাব মহাপরিচালক (ডিজি) ড. বেনজির আহমেদ, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক ও বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।
স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপিসহ উপস্থিত সকলে মুক্তিযুদ্ধে জীবন উত্সর্গ করা পুলিশ সদস্যদের বীরত্বের কথা স্মরণ করেন। তারা পুলিশ বাহিনীকে স্বাধীনতার চেতনা রক্ষায় সবসময় সজাগ থাকারও আহ্বান জানান। শ্রদ্ধা নিবেদনকালে বিউগলে বাজানো হয় জাতীয় সংগীত। এসময় ডিএমপির একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে বীর শহিদদের সম্মান জানান। এ সময় বাংলাদেশ পুলিশের ঢাকার সব ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’-এর নামে ঢাকায় প্রথম গণহত্যা শুরু করে। ওই রাতে রাজারবাগ পুলিশ লাইন্স থেকে সর্বপ্রথম ‘থ্রি নট থ্রি’ রাইফেল দিয়ে প্রথম প্রতিরোধ গড়ে তোলেন অকুতোভয় বীর পুলিশ সদস্যগণ।