তিন বছর বয়সী এক শিশুর ব্যাটিং স্টাইল দেখে অবাক সবাই। তার নিখুঁত কভার ড্রাইভ, স্ট্রেট ড্রাইভের তুলনা নেই। ব্যাকরণ মেনেই সব কিছু করছে সে। কয়েক মাস আগে প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন তার ছবি টুইট করেন। কেভিন পিটারসেন শনিবার সেই বিস্ময় শিশুর ভিডিও পোস্ট করে কোহলিকে ট্যাগ করে লেখেন, ‘‘তোমার দলে এই ছেলেটাকে নেবে নাকি?’’ কোহলিও পাল্টা টুইট করেন, ‘‘ছেলেটা কোথাকার? অবিশ্বাস্য।’’ বেশ কয়েক দিন সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলে বিস্ময় শিশুর ভিডিও।
অবশেষে পাওয়া গেল তার পরিচয়। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়ির অদূরেই বেহালার মুচিপাড়া অঞ্চলের অভাবী পরিবারের খুদে প্রতিভা শেখ শাহিদ। বয়স মাত্র তিন বছর। তার বাবা শেখ শামসের।
তিনি বলেন, গত বছর বিশ্বকাপের আগে ভারত-অস্ট্রেলিয়া ওয়ান ডে সিরিজের ম্যাচ দেখছিলাম। শাহিদ দুষ্টুমি করছিল। তাকে শান্ত করার জন্য ক্রিকেট দেখতে বললাম। ব্যাটও কিনেছিলাম ওর জন্য। কিছুক্ষণ পরে দেখি নিজেই ব্যাট নিয়ে এসে টিভি দেখতে দেখতে নকল করছে। তখন ব্যাট করছিলেন বিরাট কোহলি। দেখছিলাম, বিরাট যে ভাবে স্ট্রোক নিচ্ছে, সে ভাবেই চেষ্টা করছে ও। মাত্র দু’বছর বয়সে এ রকম ব্যাট করতে দেখে বিশ্বাস হচ্ছিল না।’’
তিনি আরো বলেন, যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, সেটা ছ’মাস আগের। তিন বছরের শাহিদকে কোনও কোচিং ক্যাম্প নিতে চায়নি। শেষে বিবেকানন্দ পার্কে অমিত চক্রবর্তীকে অনেক অনুরোধ করে বলেন, ‘শুধুমাত্র এক বার ওকে ব্যাট করার সুযোগ দিন।’ প্রথম বলটি শাহিদকে করা হয়। নিখুঁত স্ট্রেট ড্রাইভ করে। তারপরে অমিত স্যার আর কিছু বলার জায়গায় ছিলেন না। আমাকে শুধু বলেন, এই ছেলেটিকে আমার হাতে তুলে দাও।’’
বাংলার রঞ্জি ট্রফিজয়ী অধিনায়ক সম্বরণ বন্দ্যোপাধ্যায় তার কোচিং ক্যাম্পে বিস্ময়-শিশুকে নিতে তৈরি। তিনি জানান, ‘‘একেবারে বিনামূল্যে ওকে প্রশিক্ষণ দেওয়া হবে। সঙ্গে উপহার হিসেবে ক্রিকেটের যাবতীয় সরঞ্জামও তুলে দেওয়া হবে খুদে প্রতিভার হাতে।’’
ইত্তেফাক/আরকেজি