দেশের বিভিন্ন খাতের ৩৪ টি প্রতিষ্ঠান আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড পেয়েছে। ১৫ ডিসেম্বর রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এ পুরস্কার প্রতিষ্ঠানগুলোর শীর্ষ নির্বাহীদের হাতে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।
করপোরেট প্রতিষ্ঠানগুলোর বার্ষিক প্রতিবেদনের ভিত্তিতে তাদের কর্মকাণ্ড বিচার বিশ্লেষণ করে এ পুরস্কার দেওয়া হয়েছে। ২০০৭ সাল থেকে দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এ পুরস্কার প্রদান করে আসছে। এবারে মোট ১২টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়েছে। ক্যাটাগরিগুলোর মধ্যে রয়েছে-সরকারি বাণিজ্যিক ব্যাংক, বেসরকারি বাণিজ্যিক ব্যাংক (ইসলামিক কার্যক্রম), বেসরকারি বাণিজ্যিক ব্যাংক (সাধারণ কার্যক্রম), ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান, সাধারণ বীমা কোম্পানি, ওষুধ, বিদ্যুত, বহুজাতিক কোম্পানি, সিমেন্ট খাত, বস্ত্র খাত ও বিশেষ ক্যাটাগরি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দিন এবং ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি) এর চেয়ারম্যান সি কিউ কে মোশতাক আহমেদ। অনুষ্ঠান সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই প্রতিযোগিতায় জুরি বোর্ড সদস্য ছিলেন বাংলাদেশ ফেডারেশন অব উইমেন এন্ট্রাপ্রেনার এর সভাপতি রোকেয়া আফজাল রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলাম এবং প্রাইসওয়াটারহাউস কুপার্স (বাংলাদেশ) এর ম্যানেজিং পার্টনার মামুন রশিদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইসিএমএবি’র সভাপতি এম আবুল কালাম মজুমদার এফসিএমএ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইসিএমএবি’র কর্পোরেট অ্যাওয়ার্ড অ্যান্ড ব্র্যান্ডিং কমিটির চেয়ারম্যান মো. আলী নেওয়াজ এফসিএমএ।
অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন বক্তব্য রাখেন আইসিএমএবি’র সচিব এবং অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আব্দুর রহমান খান এফসিএমএ।
পুরস্কার জিতেছেন যারা:
সরকারি বাণিজ্যিক ব্যাংক ক্যাটাগরিতে প্রথম পুরস্কার জিতেছে সোনালী ব্যাংক লিমিটেড।
বেসরকারি বাণিজ্যিক ব্যাংক (ইসলামিক কার্যক্রম) ক্যাটাগরিতে ১ম, ২য় ও ৩য় পুরুস্কার জিতেছে যথাক্রমে ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড, আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিডেট ও এক্সিম ব্যাংক।
ইস্টার্ন ব্যাংক ১ম পুরস্কার জিতেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক (সাধারণ কার্যক্রম) ক্যাটাগরিতে। ব্র্যাক ব্যাংক ২য় ও ডাচ বাংলা ব্যাংক ৩য় পুরস্কার জিতেছে।
ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ক্যাটাগরিতে ১ম পুরস্কার জিতেছে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড। আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড বাংলাদেশ ২য় ও ৩য় পুরস্কার জিতেছে ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড।
সাধারণ বীমা ক্যাটাগরিতে ১ম পুরস্কার জিতেছে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স। পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২য় ও ৩য় পুরস্কার পেয়েছে নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ওষুধ ক্যাটাগরিতে ১ম পুরস্কার জিতেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। আর রেনেটা লিমিটেড ২য় ও ৩য় পুরস্কার জিতেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস।
সামিট পাওয়ার বিদ্যুত ক্যাটাগরিতে ১ম পুরস্কার জিতেছে। আশুগঞ্জ পাওয়ার স্টেশন ২য় ও ৩য় পুরস্কার জিতেছে ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেড।
বহুজাতিক কোম্পানি ক্যাটাগরিতে ১ম পুরস্কার জিতেছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ। বার্জার পেইন্টস বাংলাদেশ ২য় ও ৩য় পুরস্কার জিতেছে লিন্ডে বাংলাদেশ লিমিটেড।
লাফার্জ হোলসিম সিমেন্ট ১ম পুরস্কার জিতেছে সিমেন্ট ক্যাটাগরিতে। এছাড়া হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ ২য় ও প্রিময়িার সিমেন্ট মিলস লিমিটেড ৩য় পুরস্কার জিতেছে।
বস্ত্র খাতে ১ম পুরস্কার জিতেছে প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড। এ ছাড়া এনভয় টেক্সটাইলস লিমিটেড ২য় ও মতিন স্পিনিং মিলস লিমিটেড ৩য় পুরস্কার জিতেছে।
বিশেষ ক্যাটাগরিতে ৬টি প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়েছে। কোম্পানিগুলো হলো- মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড, ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স লিমিটেড, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড।
ইত্তেফাক/আরএ