মো. কবির হোসেন (সুজন), প্রভাষক
ব্যবস্থাপনা বিভাগ
নিকুঞ্জ মডেল কলেজ, খিলক্ষেত, ঢাকা।
প্রিয় এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ শুভাসিস রইল। সামনে পরীক্ষা। তোমাদের সুবিধার্থে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের দ্বিতীয়পত্র হতে একটি উদ্দীপক এবং উদ্দীপকের আলোকে উত্তর প্রদান করা হলো। আশা করি তা তোমাদের সংগ্রহে থাকবে।
উদ্দীপক: জনাব ফয়সাল একটি কৃষিকর্মে কর্মরত। তাদের ফার্মে আগে লাঙ্গল দিয়ে চাষাবাদ করা হতো। পরবর্তীতে তিনি লাঙ্গলের পরিবর্তে ট্যাক্টর ব্যবহার করেন। কারণ একজন কৃষক ভূমি, শ্রম, মূলধন, ট্যাক্টর, সেচযন্ত্র, সার, বীজ ইত্যাদির কার্যকর/সুষ্ঠু ব্যবহার করে অধিক ফসল ফলিয়ে উন্নয়ন নিশ্চিত করেন।
ক) ব্যবস্থাপনা চক্র কী?
খ) ব্যবস্থাপনাকে কি পেশা বলা যায়?
গ) উপরের উদ্দীপকে ফসলের কাজ ব্যবসায়ের ক্ষেত্রে সংগঠিত কোন বিপ্লবের সাথে সামঞ্জস্যপূর্ণ? আলোচনা কর।
ঘ) উদ্দীপকে ব্যবস্থাপনার গুরুত্বটি তুমি কিভাবে মূল্যায়ন করবে? তোমার মতামত দাও।
উদ্দীপকের ক নং প্রশ্নের উত্তর: পরিকল্পনা, সংগঠন, কর্মীসংস্থান, প্রেষণা, নির্দেশনা, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ ইত্যাদি ব্যবস্থাপনার কার্য চক্রাকারে আবর্তিত হওয়াকে ব্যবস্থাপনা চক্র বলা হয়।
উদ্দীপকের খ নং প্রশ্নের উত্তর: তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান অর্জনের মাধ্যমে রাষ্ট্র স্বীকৃত কোন সংঘের সদস্য হয়ে নির্দিষ্ট আচরণ বিধি মেনে কোন কাজে লিপ্ত থাকাকে পেশা বলা হয়।
বর্তমানে ব্যবস্থাপনা সুসংবদ্ধ জ্ঞানের সাথে সম্পৃক্ত হলেও এর রাষ্ট্র স্বীকৃত কোন সংঘ নেই। তাছাড়া তাত্ত্বিক কোন ডিগ্রী অর্জন না করেও শুধুমাত্র প্রশিক্ষণ বা বাস্তব জ্ঞানের মাধ্যমে একজন ব্যক্তি ব্যবস্থাপক হতে পারেন। তাই একজন ব্যবস্থাপকের তাত্ত্বিক ও ব্যবহারিক বা বাস্তব জ্ঞান দুটো না থাকাতে ব্যবস্থাপনাকে সম্পূর্ণ পেশা বলা যায় না। আমাদের দেশে ব্যবস্থাপনা পুরোপুরি পেশাগত মর্যাদা লাভে সমর্থ না হলেও দিন দিন এর সম্ভাবনা বাড়ছে।
উদ্দীপকের গ নং প্রশ্নের উত্তর: উপরের উদ্দীপকে ফসলের কাজ ব্যবসায়ের ক্ষেত্রে সংগঠিত শিল্প বিপ্লবের সাথে সামঞ্জস্যপূর্ণ।
১৭৫০ থেকে ১৮৫০ সালে শিল্প বিপ্লবের ফলে উত্পাদন ব্যবস্থাপনার ব্যাপক পরিবর্তনের সাথে সাথে তাল মিলিয়ে ব্যবস্থাপনা শাস্ত্রের যে পরিবর্তন ঘটে সেই কালকে শিল্প বিপ্লবকাল বলা হয়।
শিল্প বিপ্লব কালে জেমস্্ স্টিউয়ার্ট এর শিল্পোত্পাদনের যন্ত্র প্রবর্তন, এ্যাডাম স্মিথ এর শ্রম বিভাজনের উপর গুরুত্ব আরোপ, মেজস্্ ওয়াট ও ম্যাথে বোল্টন এর বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার, রবার্ট ওয়েন আধুনিক শ্রমিক কর্মী ব্যবস্থাপনার প্রবর্তন এবং সর্বশেষ চার্লস ব্যাবেজ এর কম্পিউটার যন্ত্রের আবিষ্কার এক বৈপ্লবিক পরিবর্তন সাধন করেন। এই সময়ে যেহেতু যন্ত্রের প্রচলন হয় সেহেতু লাঙ্গলের পরিবর্তে ট্যাক্টর ব্যবহার এই সময়কালের প্রকৃষ্ট উদাহরণ।
উদ্দীপকের ঘ নং প্রশ্নের উত্তর: উপরের উদ্দীপকে ব্যবস্থাপনার একটি বিশেষ গুরুত্ব উপকরণাদির সুষ্ঠু ব্যবহারের প্রতি গুরুত্বারোপ করা হয়েছে।
উত্পাদনের কাজে লাগে এমন সব প্রয়োজনীয় বস্তুকে উত্পাদনের উপকরণ বলা হয় আর এগুলোর যথাযথ ব্যবহারকেই উপকরণের সুষুম ব্যবহার বলা হয়।
উত্পাদনের উপকরণ হলো ভূমি, শ্রম, মূলধন, ট্র্যাক্টর, সেচযন্ত্র, সার, বীজ ইত্যাদি। তবে এগুলো থাকাটাই উত্পাদনের জন্য যথেষ্ট নয়। এর জন্য যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হলো ব্যবস্থাপনা। ব্যবস্থাপনার মাধ্যমে কার্যকর/সুষ্ঠু ব্যবহার করে অধিক ফসল ফলিয়ে উন্নয়ন নিশ্চিত করা হয়। একজন শিল্প মালিক জনশক্তি, যন্ত্রপাতি, কাঁচামাল, অর্থ, বাজার পদ্ধতি ইত্যাদির সঠিক ব্যবহার করে শিল্পকে এগিয়ে নেয়। ঠিক তেমনি একজন সফল রাষ্ট্রপ্রধান যোগ্য নেতৃত্বদানের মাধ্যমে সবার মধ্যে আশাবাদ সৃষ্টি করে প্রশাসনে সর্বস্তরে গতিশীলতা এনে দেয়। তাই উপকরণের কার্যকর ব্যবহারে যোগ্য ব্যবস্থাপনার বিকল্প নাই।
উপকরণাদির সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে ব্যবস্থাপনার গুরুত্বকে বহুগুণ বাড়িয়ে দেয়। কারণ উপকরণাদির সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে উত্পাদন যেমন নিশ্চিত হয়, তেমনি উত্পাদনকে বহুগুণ বাড়িয়ে দেয়। উপকরণাদির সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানে যেমনি শৃঙ্খলা বিরাজ করে তেমনি প্রতিষ্ঠানের দক্ষতাও বৃদ্ধি পায়। তাই উপকরণাদির সুষ্ঠু ব্যবহারে ব্যবস্থাপনার গুরুত্ব অপরিসীম।