বিনোদন রিপোর্ট
ধানমণ্ডির বেঙ্গল শিল্পালয়ে শুরু হয়েছে ‘ব্রেকিং গ্রাউন্ড:মডার্ন আর্ট ইন ট্র্যানজিশন’ শীর্ষক দুই মাসব্যাপী চিত্রকলা প্রদর্শনী। গতকাল বিকেল ৫টা ৩০ মিনিটে প্রধান অতিথি হিসেবে প্রদর্শনী উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন।
বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি আবুল খায়েরের ব্যক্তিগত সংগ্রহের নির্বাচিত শিল্পকর্ম নিয়ে ৩০-এর দশক থেকে পরবর্তী সময়ের অন্যতম চিত্রকরদের শিল্পকর্ম এই প্রদর্শনীতে স্থান পেয়েছে। প্রদর্শনীর মধ্য দিয়ে বাংলাদেশে আধুনিক চিত্রকলার রূপরেখা নির্মাণের একটি গতিপথ সন্ধানের চেষ্টা করা হচ্ছে। আবুল খায়েরের ব্যক্তিগত সংগ্রহের মধ্যে এই অনুসন্ধান সীমাবদ্ধ। আধুনিক চিত্রকলা চর্চার অন্যতম পুরোধা চিত্রকর গগনেন্দ্রনাথ ঠাকুর, যামিনী রায়ের পাশাপাশি আছেন বাংলাদেশে আধুনিক শিল্পকলার জনক শিল্পাচার্য জয়নুল আবেদিন, এস এম সুলতান ও কামরুল হাসান। প্রদর্শনীতে আরো রয়েছে সফিউদ্দীন আহমেদ, রশিদ চৌধুরী, আমিনুল ইসলাম, মুর্তজা বশীরসহ প্রথিতযশা শিল্পীদের চিত্রকর্ম।