ইট দিয়ে থেঁতলে দেওয়া হলো রিকশাচালকের মাথা

ঘুমানোর জায়গা নিয়ে কথা কাটাকাটি। আর এতেই প্রাণ হারালেন রিকশাচালক সুরুজ মিয়া (৫৭)। অপর রিকশাচালক আব্দুল গণি মিয়া (৫৬) ইট দিয়ে থেঁতলে দিলেন সুরুজের মাথা। মঙ্গলবার ভোরে ফতুল্লার কাশিপুর খিল মার্কেট এলাকার সেলিম মিয়ার ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ গণি মিয়াকে আটক করেছে। 

নিহত সুরুজ মিয়া ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার কোনাবাড়ি গ্রামের কেরামত আলীর ছেলে এবং আব্দুল গনি ফুলপুর থানার কাইজাকান্দা গ্রামের ইব্রাহীম মিয়ার ছেলে। 

ফতুল্লা মডেল থানার অফিসার-ইন-চার্জ মো. আসলাম হোসেন জানান, তারা দুজনসহ মোট ৫ জন একই বাসায় ভাড়া থেকে রিকশা চালাতেন। রাতে অন্যরা ঘুমিয়ে যায়। ভোরের দিকে সুরুজ মিয়া এসে দেখেন তার জায়গায় গণি মিয়া ঘুমিয়ে আছে। এ নিয়ে দুজনের মধ্যে তর্ক শুরু হয়। এক পর্যায়ে গণি মিয়া ক্ষিপ্ত হয়ে সুরুজের মাথায় ইট দিয়ে আঘাত করেন। 

আরও পড়ুন: ভোটের মাধ্যমে নেতৃত্ব চায় না বিএনপি, নেপথ্যে তারেক

আঘাত পেয়ে সুরুজ মাটিতে লুটিয়ে পড়লে অন্যরা তাকে শহরের হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। পরে ঢামেকের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইত্তেফাক/এসি