বিশেষ প্রতিনিধি
ভারত, শ্রীলঙ্কা, নেপাল এবং মালদ্বীপ ন্যাশনাল ক্যাডেট কোরের একটি প্রতিনিধিদল গতকাল মঙ্গলবার ঢাকার শের-ই-বাংলা নগরের গণভবন কমপ্লেক্সে অবস্থিত প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেছেন। এ সময় তারা তাদের স্ব স্ব দলনেতাসহ প্রতিরক্ষা সচিব আখতার হোসেন ভুঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন।
আন্তঃ বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতি বছরের ন্যায় এ বছরও যুব বিনিময় কর্মসূচির আওতায় বাংলাদেশ সরকারের আমন্ত্রণে বিজয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে ভারত, শ্রীলঙ্কা, নেপাল এবং মালদ্বীপ ন্যাশনাল ক্যাডেট কোরের (এনসিসি) মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক, উপ-পরিচালক, অন্যান্য অফিসার ও ক্যাডেট সমন্বয়ে ১২ জন কর্মকর্তা ও ৪৬ জন ক্যাডেট প্রতিনিধিদল বাংলাদেশ সফরে এসেছেন। এ সময় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল বাতেন খানসহ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সফররত প্রতিনিধিদলটি তাদের দলনেতা ভারতীয় এনসিসির মহাপরিচালক লে. জেনারেল রাজিভ চোপড়া, এভিএসএম, নেপালের অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রাম রানা, শ্রীলঙ্কার উপ-পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এইচ এল গুরুগে এবং মালদ্বীপের ক্যাপ্টেন রিফান আলী ওয়াহীদের নেতৃত্বে ১২ ডিসেম্বর বাংলাদেশ সফরে আসেন। সফর শেষে প্রতিনিধিদল আগামী ২৫ ডিসেম্বর ঢাকা ত্যাগ করবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।