জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করল ই-ভ্যালি। ‘বিজয় আমাদের, আমাদের এগিয়ে যাওয়া!’ এই স্লোগানকে প্রতিপাদ্য করে মহান বিজয় দিবসের অনুপ্রেরণায় নিজেদের উদ্যাপনকে সাজিয়ে তোলে ই-কমার্সভিত্তিক মার্কেটপ্লেস ই-ভ্যালি। গত সোমবার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) প্রায় পাঁচ হাজার অতিথিদের নিয়ে এ উদ্যাপন অনুষ্ঠান আয়োজিত হয়। অতিথিদের মধ্যে ই-ভ্যালির প্রায় তিন হাজার গ্রাহক, সহস্রাধিক সেলার, দেশের বিভিন্ন পর্যায়ের বিশিষ্টজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির উদ্যোক্তা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল বলেন, ই-কমার্সের যেকোনো প্রেক্ষাপটেই এক বছর খুবই অল্প সময়। তবে এই অল্প সময়েও আমরা দারুণ কিছু সফলতা অর্জন করেছি। আমাদের নিবন্ধিত গ্রাহকের সংখ্যা ১২ লাখের ওপরে, সেলার বা মার্চেন্ট ২০ হাজারেরও বেশি। গুগল প্লে স্টোর থেকে ই-ভ্যালি অ্যান্ড্রয়েড অ্যাপ পাঁচ লাখের বেশিবার ডাউনলোড হয়েছে। ই-কমার্সে কেনাকাটা করা যে ব্যয়বহুল না বরং সাধ্যের মধ্যে তেমন একটি বিশ্বাস আমরা গ্রাহকদের মধ্যে দিতে পেরেছি। ই-ভ্যালিতে এখন দুই শতাধিক কর্মী প্রত্যক্ষভাবে কাজ করছে। এদের অর্ধেকই নারী কর্মী। ফেসবুক গ্রুপে প্রায় দেড় লাখ সদস্য আছেন।
মিডিয়া পার্টনার হিসেবে ছিল আরটিভি, নিউজ২৪, দৈনিক কালের কণ্ঠ, রেডিও ক্যাপিটাল, বাংলানিউজ২৪, দি ডেইলি সান; পেমেন্ট পার্টনার বিকাশ এবং এসএসএল কমার্স।—প্রেস বিজ্ঞপ্তি