জাহাঙ্গীর আলম জাহান
ঘর ঝুরঝুর নেংটি ইঁদুর
কাটছে ঘরের মাটিকে
তোমার পাশে যারা আছে
তাদের মাঝে খাঁটি কে?
একজনও নেই শুদ্ধ-খাঁটি
সবাই ভেজাল দু নাম্বার
তোমার নামের দোহাই দিয়ে
বইছে মেকি সুনাম-ভার।
নিজের ঘরের সিঁদকে ওরা
কাটছে কুটুর-কুট করে
লুটতরাজের সব অপবাদ
আনছে ডেকে হুট করে।
ঘর ঝুরঝুর ঘরের ইঁদুর
নিপাত করো ঘর থেকে
নিজের ঘরে ইঁদুর রেখে
টিকতে পারে মর্ত্যে কে?