রাণীনগরের মুড়িঘাটি খাল

সেতুর সংযোগ সড়কে ধস জনদুর্ভোগ চরমে

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা 

নওগাঁর রাণীনগরে মুড়িঘাটি খালের ওপরে সেতুটি নির্মাণ করা হলেও একপাশে সংযোগ সড়ক ধসে গিয়ে দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। নির্মাণকাজ এক বছর আগে সমাপ্ত হলেও সেতুর দক্ষিণ পাশের সংযোগ রাস্তার মাটির কাজ না করায় স্থানীয়দের কোনো উপকারে আসছে না।

জানা গেছে, রাণীনগর উপজেলার খট্টেশ্বর ও গোনা ইউনিয়নের বসবাসরত জনগণের চলাচলের সুবিধার্থে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তর থেকে ২০১৭-২০১৮ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় খট্টেশ্বর ইউনিয়নের মুড়িঘাটি নামক স্থানে খালের ওপরে ৪০ ফুট দীর্ঘ একটি সেতু নির্মাণ করা হয়। স্থানীয়রা বলছেন, আগে যেভাবে নৌকায় পারাপার হতাম সেখান থেকে পরিত্রাণ পেতে আর কতদিন সময় লাগবে। তাদের দাবি, যত তাড়াতাড়ি সম্ভব সেতুটির দক্ষিণ পাশের সংযোগ সড়কের মাটির কাজ সম্পন্ন করে জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হোক।

উপজেলার খট্টেশ্বর গ্রামের হেলাল সরদার জানান, ‘আমি একজন কৃষক। আমার বেশিরভাগ জমি খালের ওপারে গোনা ইউনিয়নে। কৃষি কাজের জন্য এই খাল নৌকা দিয়ে পারাপার হতে হয়। এলাকাবাসীর দাবিরমুখে সরকারের পক্ষ থেকে এই স্থানে ব্রিজ নির্মাণ করা হলেও দক্ষিণ পাশের সংযোগ সড়কের মাটির কাজ না করায় এটি আমাদের কোনো কাজে আসছে না।’

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান জানান, ঐ ব্রিজটি নির্মাণের পর রতনডারি খাল খননের কারণে সংযোগ সড়কের মাটি সরে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব ব্রিজের দুই ধারে মাটির কাজ সম্পন্ন করে স্থানীয়দের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।