রামগঞ্জে ১১ মাসেও খোঁজ মেলেনি শিশুর

লক্ষ্মীপুর প্রতিনিধি 

নিখোঁজের ১১ মাসেও সন্ধান মেলেনি শিশু আলী আহমেদের। সন্তানকে ফিরে পেতে দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন অসহায় পিতা বেলাল হোসেন। এ বিষয়ে তিনি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জানা গেছে, গত ১২ সেপ্টেম্বর স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সন্তানকে ফিরে পেতে সহযোগিতা চেয়ে লিখিত অভিযোগ করেন বেলাল হোসেন। গত ২১ জানুয়ারি সন্ধ্যায় শিশু আলী আহম্মেদ নিখোঁজ হয় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নোয়াপাড়া পণ্ডিত বাড়ি থেকে।

নিখোঁজ শিশু আলী আহমেদের পিতা মো. বেলাল হোসেন জানান, নিখোঁজের ১১ মাসেও সন্তানকে ফিরে না পেয়ে তিনি দিশেহারা হয়ে পড়েছেন। তার সন্তানকে ফিরে পেতে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ করেন। সন্তানকে ফিরে পেতে তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন। 

এ বিষয়ে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, আমি এ থানায় যোগদানের আগের ঘটনা এটি। তারপরও আমরা বিষয়টি নিয়ে যথেষ্ট তত্পর। মূল ঘটনা উদ্ঘাটনের চেষ্টা চলছে।