নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা
নাগেশ্বরীতে পৌষের শুরুতেই বেড়েছে ঘন কুয়াশা ও শীতের তীব্রতা। স্বাভাবিকের চেয়ে কমেছে তাপমাত্রা। ঠান্ডায় কাঁপছে মানুষ ও পশুপাখি।
ঘন কুয়াশায় অনেক বেলা অব্দি দেখা পাওয়া যায় না সূর্যের। চোখ যতদূর যায় দেখা যায় কুয়াশা ঘেরা অন্ধকার প্রকৃতি। ধীরে ধীরে কুয়াশার আস্তরণ ভেদ করে দুপুরে কিছুক্ষণের জন্য সূর্য আলো ছড়ায়। এতে কিছুটা উত্তাপ ছড়ালেও দিনব্যাপী বইতে থাকা হিমশীতল হাওয়ায় ঠান্ডা কাটে না। কনকনে ঠান্ডায় তাই বিশেষ কাজ ছাড়া বাইরে বের হতে কেউ সাহস পান না। কর্মব্যস্ত মানুষ শরীরে বাড়তি পোশাক জড়িয়ে বেরিয়ে পড়েন। বাসায় ফেরেন সন্ধ্যার অনেক আগেই। সবচেয়ে বেশি বিপদে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের ছিন্নমূল মানুষ।
অনেককে খরকুটো জ্বালিয়ে উষ্ণতা নিতে দেখা গেছে। ঠান্ডাজনিত সর্দি, কাশি, জ্বর, ডায়রিয়া, নিউমনিয়াসহ বিভিন্ন রোগে বেশি আক্রান্ত হচ্ছেন বয়স্ক মানুষ ও শিশু।