সিলেট অফিস
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কোটি টাকা দামের ২২টি সোনার বার উদ্ধার করা হয় মঙ্গলবার। সকাল পৌনে ৯টার দিকে দুবাই থেকে সিলেটে আসা বিমানের ফ্লাইটের এক যাত্রীর জুতার ভেতর থেকে স্বর্ণগুলো উদ্ধার করা হয়। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমসের যুগ্ম-কমিশনার মিনহাজ উদ্দিন এই তথ্য জানান। তিনি জানান, সোনা চোরাচালানের বিষয়টি গোপনে জানতে পেরে তারা বিমান অবতরণের পর তল্লাশি করেন। এক পর্যায়ে সিলেটের গোয়াইনঘাট উপজেলার মোমিন উদ্দিন মামুন নামের এক যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়। সন্দেহ হলে কাস্টমস কর্মকর্তারা দেহ তল্লাশি করে জুতার ভেতরে পলিথিনে মোড়ানো আড়াই কেজি ওজনের ২২টি সোনার বার উদ্ধার করেন। যার বাজার মূল্য আনুমানিক ১ কোটি ৫ লাখ টাকা। তিনি আরো জানান, এঘটনায় মামলা দায়ের করা হচ্ছে।