ধামইরহাটে সোয়া লাখ টাকার মাদক উদ্ধার

ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা

নওগাঁর ধামইরহাট সীমান্তে বিজিবির অভিযানে ৮৫ প্যাকেট ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। গোয়েন্দা সংবাদের ভিত্তিতে উপজেলার চকিলাম বিওপির টহল কমান্ডার নায়েক মো. শফিউদ্দিনের নেতৃত্বে বিজিবি সদস্যরা সোমবার সন্ধ্যায় খয়েরবাড়ী গ্রামে অভিযান চালায়। অভিযানে ৩৮ প্যাকেট ভারতীয় ম্যাকডুয়েল মদ উদ্ধার করে।

অপরদিকে একই দিন রাতে বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. সোলাইমানের নেতৃত্বে বিজিবি সদস্যরা জিনডিভি নামক স্থানে অভিযান চালায়। অভিযানে ৪৭ প্যাকেট ভারতীয় ম্যাকডুয়েল মদ উদ্ধার করা হয়। এব্যাপারে ১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান বলেন, চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদকদ্রব্য রেখে পালিয়ে যায়। জব্দকৃত মাদকদ্র্রব্যের মূল্য প্রায় ১ লাখ ২৭ হাজার ৫০০ টাকা।