ঘোড়াশালে গৃহবধূকে হত্যা, স্বামী পলাতক

পলাশ (নরসিংদী) সংবাদদাতা

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকায় যৌতুকের টাকার জন্য রিতু বন্যা (১৯) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। সোমবার রাতে পৌর এলাকার ঘাঁগড়ার কামাড়টেক গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। ঘটনার পর থেকে রিতুর স্বামী রাকিব মিয়াসহ শ্বশুর-শাশুড়ি পলাতক রয়েছে।

নিহত রিতু বন্যা ঘোড়াশাল পৌর এলাকার খালিসকারটেক গ্রামের মৃত আব্দুল খালেক মিয়ার মেয়ে। অপরদিকে রাকিব মিয়া পার্শ্ববর্তী কামাড়টেক গ্রামের আব্দুল জলিল মিয়ার ছেলে।

পলাশ থানার ওসি শেখ মো. নাসিরউদ্দিন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর গৃহবধূর স্বামীসহ পরিবারের সদস্যরা পালিয়েছে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছে।