স্পোর্টস ডেস্ক
আর্জেন্টাইন বোকা জুনিয়র্সের কোচ হিসেবে মরিসিও পচেত্তিনোকে চেয়েছিলেন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। কিন্তু টটেনহ্যাম হটস্পারের সাবেক কোচ সরাসরি না বলে দিয়েছেন বলে জানা গেছে।
পচেত্তিনো গত মাসে টটেনহ্যামের কোচের পদ থেকে বরখাস্ত হওয়ার পর ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল ও বায়ার্ন মিউনিখে তার কোচ হওয়া নিয়ে গুঞ্জন চলছে।
আগের কোচ গুস্তাভো আলফারো সরে দাঁড়ানোর পর বোকা জুনিয়র্স নতুন লোক খুঁজছে। ক্লাবটিতে খেলা ম্যারাডোনা তাই পচেত্তিনোকে বোকার দায়িত্বে দেখতে চেয়েছিলেন। কিন্তু আর্জেন্টিনা সুপার লিগের ক্লাব জিমনেসিয়ার কোচের দায়িত্বে থাকা ম্যারাডোনার প্রস্তাবে রাজি হননি স্বদেশি পচেত্তিনো।
ম্যারাডোনা তার খেলোয়াড়ি জীবনে দুই মেয়াদে বোকা জুনিয়র্সে খেলেছিলেন। তার অন্তর জুড়ে এই ক্লাব। যদিও তিনি ক্লাবটির বর্তমান সভাপতি ও সহসভাপতির তীব্র সমালোচক। এ মাসেই নির্বাচনের মাধ্যমে ক্লাবটিতে সহসভাপতি হিসেবে যোগ দিয়েছেন আর্জেন্টিনার সাবেক তারকা মিডফিল্ডার হুয়ান রোমান রিকেলমে। তারও সমালোচনা করেছেন ১৯৮৬ বিশ্বকাপ জয়ী অধিনায়ক।
এ পরিপ্রেক্ষিতে ম্যারাডোনা মনে করেন তিনিই হতেন সেরা বিকল্প। কিন্তু এখন তিনি সেখানে যাবেন না। তাই মরিচিওই তার পছন্দ এবং সাবেক টটেনহ্যাম কোচকে বুঝিয়ে রাজি করাতে বলেছেন তিনি।
সুপার লিগার টেবিলে আর্জেন্টিনাস জুনিয়র্সের চেয়ে ১ পয়েন্ট পিছিয়ে দুইয়ে বোকা। ২৪ দলের লিগে মারাডোনার দলের অবস্থান ২১তম। —বিডিনিউজ