রাজধানী শহর ঢাকার সৌন্দর্য বৃদ্ধি, পরিবেশদূষণ কমাতে নেওয়া হয়েছে বিভিন্ন ব্যবস্থা। ফুটওভারব্রিজের ওপরে রেলিংয়ের পাশে বাগানবিলাসসহ বিভিন্ন ফুলের গাছ লাগানো হয়েছে। প্লাস্টিকের পাত্রে এই গাছগুলোতে সুন্দর ফুল ফোটে। শুরুতে কিছুদিন দেখভাল ভালোই করা হয়। এরপর অযত্ন-অবহেলায়, পানির অভাবে, ময়লা-আর্বজনা ফেলায় মারা যায়। যে কোনো গাছ লাগালেই হয় না। পরিচর্যা করতে হয়। আর আমরাই বা এতোটা কাণ্ডজ্ঞানহীন কেন? ময়লা-আর্বজনা ফুলগাছের ওপর ফেলতে হবে কেন? পাশেই তো ডাস্টবিন, ময়লা ফেলার জায়গা আছে। যে ঠিকাদারের কাছ থেকে গাছ কেনা হয়, তাকেই গাছের যত্নের দায়িত্ব দেওয়া যায়। সিটি করপোরেশন রাস্তায় ধুলো কমানোর জন্য পানি দেয়। তখনো এইসব গাছে পানি দেওয়া সম্ভব। বিভিন্ন এলাকায় সমাজসেবামূলক অনেক সংগঠন আছে। তারাও উদ্যোগী হয়ে এইসব গাছ দেখভালের কাজ করতে পারে। ফুটওভারব্রিজ সিটি করপোরেশনের ঝাড়ুদার পরিষ্কার করে। তারাও গাছের যত্ন নিতে পারে। গাছ পরিচর্যার ব্যবস্থা না হলে গাছ লাগানো অর্থহীন। নেহায়েতই অর্থের অপচয়। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এই বিষয়ে কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছি।
মুহাম্মদ শফিকুর রহমান, বনানী, ঢাকা