গুগলে সংরক্ষিত ঢাকা ডেন্টাল কলেজের অসম্পূর্ণ ইতিহাস

 

গুগলে সার্চ দিয়ে ঢাকা ডেন্টাল কলেজের ইতিহাস পড়ছিলাম। লক্ষ করলাম, কলেজটির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, প্রকল্প পরিচালক বা কর্মাধ্যক্ষ কে ছিলেন উল্লেখ নেই। নেই প্রথম ব্যাচের ছয় ছাত্রের নাম। যিনি বা যাঁরা কর্মাধ্যক্ষ বা অধ্যক্ষ ছিলেন, তাঁর বা তাঁদের অবদান অস্বীকার করা যায় না। তাঁরা তো ঢাকা ডেন্টাল কলেজের ইতিহাসের মূল উপাদান। তাঁদের নাম বাদ দিয়ে পূর্ণাঙ্গ ইতিহাস হয় না। জানামতে, ডা. আবু হায়দর সাজেদুর রহমান ঢাকা মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএম পাস করে লাহোর ডেন্টাল কলেজ থেকে বিডিএম ডিগ্রি অর্জন করেন। তিনিই তত্কালীন পূর্ব পাকিস্তানে একমাত্র এমবিবিএম, বিডিএম ডিগ্রিধারী দন্ত চিকিত্সক।

১৯৬১ সালে তত্কালীন সরকার ঢাকা ডেন্টাল কলেজ স্থাপন করে ডা. আবু হায়দর সাজেদুর রহমানকে কলেজ পরিচালনার দায়িত্ব দেন। এক কথায় তিনি প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসাবে কাজ করেন। যেহেতু আমি ডেন্টাল কলেজের ছাত্র ছিলাম না, তাই প্রথম ব্যাচের ছয় ছাত্রের নাম এখানে উল্লেখ করতে পারলাম না। পরিশেষে, গুগলে সংরক্ষিত ঢাকা ডেন্টাল কলেজের ইতিহাসে অধ্যক্ষের নাম ও ঐ ছয় ছাত্রের নাম সংযোজনের জন্য ঢাকা ডেন্টাল কলেজ কর্তৃপক্ষকে অনুরোধ করছি।

মো. মুরশীদ আলম

জলেশ্বরীতলা, পৌরসভা লেন,

বগুড়া