মিল্ক ভিটার অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর আবেদন

বাংলাদেশে শিশুখাদ্যের একমাত্র রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ দুগ্ধ উত্পাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড (মিল্ক ভিটা)। ১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে কৃষকদের উত্পাদিত দুধ সংগ্রহ করে সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে প্রতিষ্ঠানটি শিশুখাদ্যের জোগান দিয়ে আসছে। আমরা ৩০-৩৫ জন কর্মকর্তা-কর্মচারী ইতিমধ্যে এক থেকে চার বছর অবসরজীবন পার করেছি। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে, আমরা অবসরকালীন ভাতা এখনো পাইনি। আমরা আমাদের সন্তান বা অন্য কারো ওপর নির্ভরশীল হয়ে মানবেতর জীবনযাপন করছি।

আমাদের প্রত্যেকেরই অবসরকালীন ভাতা বাবদ পাঁচ থেকে পঞ্চাশ লাখ টাকা পাওনা। এই ভাতা পাওয়া গেলে বৃদ্ধ বয়সে আমরা স্বাভাবিক জীবনযাপন করতে সক্ষম হতাম। ইতিপূর্বে মিল্ক ইউনিয়নের   কর্মকর্তা-কর্মচারীরা অবসর গ্রহণের পর  দ্রুত সময়ের মধ্যে তাঁদের যাবতীয় পাওনা পেয়ে যেতেন। সরকারি নিয়ন্ত্রিত সকল প্রতিষ্ঠানেই অবসরগ্রহণকারীদের সমস্ত  ভাতা প্রদানের বিধান রয়েছে। এ অবস্থায়, আমরা যাতে আমাদের অবসরকালীন ভাতা পেয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারি, তার আশু ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সনির্বন্ধ আবেদন জানাচ্ছি।

মো. হারুনুর রশিদ

মো. আলতাফ হোসেন

মিরপুর, ঢাকা