আকাশ ডিটিএইচ-এ কোনো ভারতীয় সংবাদ চ্যানেল নেই

তারহীন স্যাটেলাইট টিভি দেখার উন্নত প্রযুক্তি ডাইরেক্ট টু হোম বা ডিটিএইচের জনপ্রিয়তা বাড়ছে দেশে। শহর ছাড়িয়ে গ্রামীন জনপদেও ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে এই সর্বাধুনিক প্রযুক্তি। বর্তমানে ৪৭টি জেলায় বেক্সিমকো কমিউনিকেশন ‘আকাশ’ নামে এই সেবা দিচ্ছে। ছয় মাসের ব্যবধানে তাদের গ্রাহক সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে। ডিটিএইচ   সেবা আকাশ এর ঝকঝকে ছবি আর শব্দ কোয়ালিটি গ্রাহককে সহজে আকৃষ্ট করছে। চলতি বছরের ১৯ মে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উেক্ষপণের প্রথম বর্ষপূর্তিতে ‘আকাশ ডিটিএইচ’ যাত্রা শুরু করে। তারা দেশি-বিদেশি মিলিয়ে ১২০টি চ্যানেল দেওয়ার কথা বললেও বাস্তবে দিচ্ছে মাত্র ১১৭টি চ্যানেল। এর বেশিরভাগই বিনোদনধর্মী। সংবাদ ভিত্তিক চ্যানেল আছে দেশীয় ৯টি এবং বিদেশি ১০টি। এই ১৯টির মধ্যে প্রতিবেশী দেশ ভারতের সংবাদ ভিত্তিক একটি চ্যানেলও নেই। আছে নাচ-গান আর সিরিয়াল-সিনেমার বিনোদন চ্যানেল। ফলে বহু গ্রাহক ক্ষুব্ধ। যারা খবর দেখতে আগ্রহী তারা বাধ্য হয়ে ক্যাবলহীন এই প্রযুক্তি ত্যাগ অথবা বিকল্প হিসেবে আবারো ক্যাবল লাইনে ফিরে যাচ্ছেন। বর্তমানে আকাশ ডিটিএইচ এ যে বিদেশি সংবাদ ভিত্তিক চ্যানেল রয়েছে সেগুলো হলো :মার্কিন যুক্তরাষ্ট্রের সিএনএন, কাতার ভিত্তিক আল জাজিরা, জার্মানির ডয়েচেভেলে, জাপানের এনএইচকে, বৃটেনের বিবিসি, আমেরিকার ভোয়া, চায়নার সিজিটিএন, রাশিয়ান আরটি,  ফ্রান্স ২৪ এবং পাকিস্তানের জিও টিভি। তবে ভারতে এনডিটিভিসহ বহু সংবাদভিত্তিক জনপ্রিয় চ্যানেল রয়েছে যেগুলো দেখতে অনেকেই আগ্রহী। কেবল সংবাদ ভিত্তিক চ্যানেলই নয়, ধর্মীয় চ্যানেল নিয়েও অসন্তুষ্ট বহু গ্রাহক। ১১৭ টি চ্যানেলের মধ্যে ধর্মীয় চ্যানেল আছে মাত্র একটি। সেই তুলনায় ক্যাবলের মাধ্যমে পছন্দমত ধর্মীয় চ্যানেল দেখার সুযোগ রয়েছে।