গাজীপুরে ফ্যান কারখানায় অগ্নিকাণ্ড

সাত জনকে আসামি করে মামলা তদন্ত দলের ঘটনাস্থল পরিদর্শন

গাজীপুরের লাক্সারি ফ্যান কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় জেলা প্রশাসকের গঠিত তদন্ত কমিটি গতকাল মঙ্গলবার ঘটনাস্থল পরির্দশন করে। এছাড়া এ ঘটনায় সাত জনকে আসামি করে জয়দেবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহীনূর ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত দলটি বিকাল সাড়ে ৩টায় ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেন। এ সময় কমিটির সদস্য অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল ইসলাম, গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. মামুনুর রশিদ, কলকারখানা, শিল্পপুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের গাজীপুরের উপ-মহাপরিদর্শক ইউসুফ আলী সঙ্গে ছিলেন।  

তদন্ত কমিটির প্রধান জানান, তদন্ত চলছে। প্রাথমিকভাবে তারা দেখতে পেয়েছেন যথাযথ অনুমোদন, ফায়ার ও পরিবেশ ছাড়াপত্র ছাড়াই কারখানাটি চলছিল। ভবনে বিকল্প সিঁড়ি না থাকায় শ্রমিকরা ভেতরে আটকা পড়েন। তাছাড়া কারখানায় অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না।

এছাড়াও সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও মহিলা শ্রমিক লীগের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি বেগম শামসুন্নাহার ভুঁইয়া বিকালে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া কারখানা পরিদর্শন করেন। তিনি নিহত ও আহতদের পরিবারকে সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণের আশ্বাস দেন।

এদিকে লাক্সারি ফ্যান কারখানায় অগ্নিকাণ্ডে ১০ শ্রমিক নিহতের ঘটনায় জয়দেবপুর থানায় মামলা হয়েছে। নিহত শ্রমিক রাশেদ মোল্লার বাবা শ্রীপুর উপজেলার মারতা গ্রামের কামাল হোসেন বাদি হয়ে সোমবার রাতে মামলাটি করেন। মামলায় কারখানার ব্যবস্থাপনা পরিচালক জাহিদ হাসান ঢালীসহ সাত জনকে আসামি করা হয়েছে।