ভারতে চলমান বিতর্কিত এনআরসি এবং নাগরিকত্ব বিলের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে মানববন্ধনের ঘোষণা দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নুরুল হক নুর। পূর্বঘোষণা অনুযায়ী গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় রাজু ভাস্কর্যের পাদদেশে সংহতি সমাবেশ করতে আসেন ভিপি। সেখানে মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের (বুলবুল-মামুন) হামলার শিকার হন নুরুল হক ও তার সঙ্গে আসা নেতাকর্মীরা। এ সময় তারাও পালটা হামলা চালালে উভয় পক্ষের প্রায় ১০ জন আহত হয়। পরবর্তী সময়ে রাত সাড়ে ৭টার দিকে শিক্ষার্থীরা উপাচার্যের কাছে বিষয়টি জানাতে আসলে সেখানে উপাচার্যের বাসভবনের সামনে আবারও হামলা করে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা। এই হামলা ও ‘ভারতীয় আগ্রাসনের’ প্রতিবাদে আজ বুধবার বেলা ১২টায় সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন ভিপি নুর।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকাল ৪টায় ভিপি নুরের সমাবেশ শুরুর আগেই রাজু ভাস্কর্যে অবস্থান নেয় মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক আল মামুনসহ বেশ কয়েক জন। পরে ভিপি নুরসহ তার সংগঠন ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীরা’ সেখানে ব্যানার নিয়ে দাঁড়াতে গেলে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা তাদের বাধা দেয়। তখন উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে মঞ্চের সভাপতি বুলবুল ও মামুন ক্ষিপ্ত হয়ে ভিপি নুর ও তার সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলা চালান। এ সময় সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীরাও পালটা হামলা চালান। এতে উভয় পক্ষের ১০ জন আহত হন। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়।