হকির ফাইনালে নৌবাহিনী ও সোনালী ব্যাংক

ওয়ালটন রেফ্রিজারেটর বিজয় দিবস হকির ফাইনালে নৌবাহিনী ও সোনালী ব্যাংক মুখোমুখি হবে। আগামীকাল মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সন্ধ্যা পৌনে ৬টায় ফাইনাল ম্যাচ। ফ্লাড লাইটের আলোয় খেলা হবে। ছয় দলের রাউন্ড রবীন লিগের সব দল পরস্পরের মুখোমুখি শেষে সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া নৌবাহিনী এবং দ্বিতীয় স্থানে থাকা সোনালী ব্যাংক।

গতকাল নিজেদের শেষ ম্যাচে সেনাবাহিনী ও নৌবাহিনী ২-২ গোলে ড্র করে। হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ লড়াইয়ে গোল পালটা গোল হয়েছে। প্রথমে নৌবাহিনীর সারোয়ার হোসেন গোল করলে তিন মিনিটেই সেনাবাহিনীর সোহানুর গোল শোধ করেন। মামুন মিয়ার গোলে সেনাবাহিনী এগিয়ে গেলেও নৌবাহিনীর মইনুল ইসলামের গোলে সমতা ফেরে, ২-২ হয়। বিদায় নেয় সেনাবাহিনী। দিনের প্রথম খেলায় সোনালী ব্যাংক ৭-০ গোলে পুলিশকে হারিয়েছে। বিজয়ী দলের হ্যাটট্রিক করেন আরশাদ হোসেন, তার গোল চারটি। মাহবুব গোল দুই, রাজীব এক গোল করেন।