কার্ডে ও অনলাইনে যুক্তরাজ্যের ভিসা ফি দেওয়ার সুযোগ

বাংলাদেশিদের ক্ষেত্রে যুক্তরাজ্যের ভিসা প্রক্রিয়াকে নিরাপদ ও আরো আধুনিক করতে গতকাল মঙ্গলবার থেকে ভিসার আবেদনের সঙ্গে প্রয়োজনীয় অর্থ জমা দেওয়ার জন্য কার্ড ও অনলাইনে লেনদেনের সুযোগ দিচ্ছে যুক্তরাজ্য। ঢাকার ব্রিটিশ হাইকমিশন জানায়, এই প্রক্রিয়াটি শুরুর আগে ব্রিটেনের ভিসা আবেদনের জন্য শুধু নগদ অর্থই জমা নেওয়া হতো। এখন এই প্রক্রিয়ায় গ্রাহকরা আরো স্বচ্ছন্দে লেনদেন করতে পারবেন। গত বছর সবগুলো ক্যাটাগরিতে প্রায় ২৫ হাজার বাংলাদেশিকে যুক্তরাজ্যের ভিসা দেওয়া হয়েছে। যা পূর্ববর্তী বছর থেকে ২৬ শতাংশ বেশি। সেই সঙ্গে প্রায় ৮৫ শতাংশ ভিসা আবেদনকারী তাদের আবেদনের পর থেকে ১৫ দিন বা তার কম সময়ের মধ্যে সেবা পেয়েছেন।

ব্রিটিশ হাইকমিশন জানায়, বাংলাদেশিরা পড়াশুনা ও ভ্রমণের জন্য ব্রিটেনে যেতে পছন্দ করেন। তাই যুক্তরাজ্য ভিসা প্রদানে আধুনিক, দক্ষ ও নিরাপদ এ পদ্ধতিটি আবেদনকারীদের আরো বেশি স্বচ্ছন্দে সেবা নিতে পারবেন।

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন জানান, যুক্তরাজ্য সরকার অবহিত, প্রতিবছর বাংলাদেশ থেকে কি পরিমাণে ভিসা আবেদন জমা পড়ে। সে কারণে ভিসা প্রদানের জন্য অর্থ জমা দেওয়ার এ পদ্ধতি সম্পর্কে নিশ্চিত হয়েই যতটা সম্ভব কার্যকর করা হয়েছে।

তিনি বলেন, ‘কার্যকর সেবা প্রদানের লক্ষ্যে এই ঘোষণা দেওয়া হয়েছে। আমাদের নতুন এ সেবায় আধুনিক, ডিজিটাল অর্থ প্রদানের পদ্ধতি যুক্ত করা হয়েছে। গ্রাহকদের কীভাবে ফি প্রদান করতে হবে এবং তাদের দেওয়া অর্থের নিরাপত্তা এবং সুরক্ষা দেওয়ার মাধ্যমে তাদের আস্থা বজায় রাখা হবে।’

তিনি বলেন, ‘এ সময়ের মধ্যে গ্রাহকরা নগদেও ফি প্রদান করতে পারবেন এবং বাংলাদেশ অফিস তাদের মতামত নিয়ে ভবিষ্যতে আরো পরিকল্পনা গ্রহণ করবে।