উকালতি করতে পারছেন না হাইকোর্টের এক বিচারপতির ছেলে

পরীক্ষায় অনুত্তীর্ণ হওয়ার পরও হাইকোর্টের এক বিচারপতির ছেলেকে আইনজীবী হিসেবে বাংলাদেশ বার কাউন্সিলের সিদ্ধান্ত ও গেজেট স্থগিত করেছে হাইকোর্ট। একইসঙ্গে আইনজীবী অন্তর্ভুক্তির পরীক্ষায় অনুত্তীর্ণ হওয়ার পরও বিচারপতির ছেলেকে সরাসরি হাইকোর্টের আইনজীবী হিসেবে গেজেট প্রকাশ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

 

আজ বুধবার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার অনিক আর হক, ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ও অ্যাডভোকেট ইশরাত হাসান। অপরপক্ষে ছিলেন ব্যারিস্টার এম আমির উল ইসলাম। বার কাউন্সিলের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

 

গত ২১ নভেম্বর আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ও অ্যাডভোকেট ইশরাত হাসান এ রিট দায়ের করেন।

 

রিট আবেদনে বলা হয়, বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় কয়েকবার অংশ নিয়েও কৃতকার্য হতে পারেননি হাইকোর্টের এক বিচারপতির ছেলে মো. জুম্মান সিদ্দিকী। অথচ গত ১৯ সেপ্টেম্বর জুম্মান সিদ্দিকীকে সরাসরি হাইকোর্টের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত করে গত ৩১ অক্টোবর গেজেট প্রকাশ করা হয়। এর আগে হাইকোর্টের চারটি ডিভিশন বেঞ্চ রিট শুনতে অপরাগতা প্রকাশ করেন।

 

ইত্তেফাক/এএম