তৃতীয়বারের মতো উদযাপিত হচ্ছে সুপ্রিম কোর্ট দিবসের। বিশাল আকারের কেক কেটে এই দিবস উদযাপন শুরু করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এ সময় আপিল বিভাগ ও হাইকোর্টের বিচারপতিগণ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতৃবৃন্দ সহ সিনিয়র আইনজীবীরা যোগ দিয়েছেন।
বিকালে এ অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, আইনজীবী এবং বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে সুপ্রিম কোর্ট জাজেস স্পোটর্স কমপ্লেক্সে এই আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
১৯৭২ সালের ১৬ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় স্বাধীন বাংলাদেশের সর্বোচ্চ আদালত। দিনটি সরকারি ছুটি থাকায় প্রথম কোর্ট বসে ১৮ ডিসেম্বর। ২০১৭ সালের ২৫ অক্টোবর সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় প্রতি বছর ১৮ ডিসেম্বর সুপ্রিম কোর্ট দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ওই বছর দিনটি সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটির মধ্যে হওয়ায় গত বছর ২ জানুয়ারি দিবসটি পালন করা হয়। তবে এর পর থেকে প্রতি বছর ১৮ ডিসেম্বরই দিবসটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ জন্য এরই মধ্যে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় বসে বিচারপতিরা সুপ্রিম কোর্টে ছুটিও পুনর্বিন্যাস করেন।
ইত্তেফাক/জেডএইচডি