তিন দেশে দ্বিতীয় সপ্তাহে মেড ইন বাংলাদেশ

র ফি কু ল  ই স লা ম

 

ফ্রান্স, ডেনমার্ক ও পর্তুগালে রুবাইয়াত হোসেন পরিচালিত চলচ্চিত্র ‘মেড ইন বাংলাদেশ’ ছবিটি মুক্তি পায় গত ৪ ডিসেম্বর। প্রথম সপ্তাহের সাফল্যের ধারাবাহিকতায় দেশগুলোর বিভিন্ন হলে দ্বিতীয় সপ্তাহ চলছে ছবিটি। ফ্রান্সে প্রথম সপ্তাহে ৫৩টি সিনেমা হলে মুক্তি পাওয়ার পর এ সপ্তাহে ফ্রান্সের ৬২টি, ডেনমার্কের সাতটি এবং পর্তুগালের ১টি হলে চলছে ‘মেড ইন বাংলাদেশ’। আর আগামী বছরের শুরুর দিকে কানাডা ও আমেরিকাসহ অন্যান্য দেশে মুক্তির জন্য ইতিমধ্যেই চুক্তিবদ্ধ হয়েছে ছবিটি। একসঙ্গে বাংলাদেশেও মুক্তি দেওয়ার পরিকল্পনা চলছে বলে জানালেন ছবিটির অন্যতম প্রযোজক আদনান ইমতিয়াজ আহমেদ। টরন্টো চলচ্চিত্র উত্সবে ওয়ার্ল্ড প্রিমিয়ারের পর ছবিটি প্রদর্শিত হয় ৬৩তম বিএফআই লন্ডন চলচ্চিত্র উত্সবে। এ ছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে সমাদৃত ও পুরস্কৃত হয়েছে ছবিটি। সম্প্র্রতি ইতালির টোরিনো বা তুরিন চলচ্চিত্র উত্সবে পেয়েছে ইন্টারফেদি পুরস্কার এবং ফ্রান্সের এমিয়েন্স আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে জিতে নিয়েছে সেরা দর্শক পুরস্কার ও জুরি পুরস্কারসহ মোট ৩টি পুরস্কার। আগামী জানুয়ারিতে ছবিটি প্রদর্শিত হবে উত্তর আমেরিকার পাম স্প্রিং আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে। ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু, নভেরা হোসেন, দীপান্বিতা মার্টিন, পারভীন পারু, মায়াবি মায়া, মোস্তফা মনোয়ার, শতাব্দী ওয়াদুদ, জয়রাজ, মোমেনা চৌধুরী, ওয়াহিদা মল্লিক জলি ও সামিনা লুত্ফা প্রমুখ। দুটি অতিথি চরিত্রে অভিনয় করেছেন মিতা চৌধুরী ও ভারতের শাহানা গোস্বামী।

প্রথম ছবি ‘মেহেরজান’ এবং দ্বিতীয় ছবি ‘আন্ডার কনস্ট্রাকশন’-এর পর এটি রুবাইয়াত হোসেনের তৃতীয় ছবি। লোকার্নো চলচ্চিত্র উত্সবের ‘ওপেন ডোরস’-এ অংশ নিয়ে রুবাইয়াত হোসেন চিত্রনাট্যের জন্য জিতে নেন আর্টে ইন্টারন্যাশনাল পুরস্কার। এ ছাড়া ছবিটি নির্মাণের জন্য পেয়েছেন ফ্রান্সের সিএনসি ফান্ড, নরওয়ের সোরফন্ড প্লাস, ইউরোপিয়ান ইউনিয়নের ইউরিমাজ ফান্ড, ডেনমার্কের ডেনিশ ফিল্ম ইনস্টিটিউট ফান্ড ও টোরিনো ফিল্ম ল্যাবের অডিয়েন্স ডিজাইন ফান্ড। ছবিটির প্রযোজক ফ্রঁসোয়া দ্য আক্তেমেয়ার (ফ্রান্স) ও আশিক মোস্তফা (বাংলাদেশ) এবং যৌথ প্রযোজক পিটার হিল্ডাল (ডেনমার্ক), পেদ্রো বোর্হেস (পর্তুগাল) ও আদনান ইমতিয়াজ আহমেদ (বাংলাদেশ)। বাংলাদেশের খনা টকিজ ও ফ্রান্সের লা ফিল্মস দ্য এপ্রেস-মিডির ব্যানারে নির্মিত ‘মেড ইন বাংলাদেশ’-এর পরিবেশনা ও আন্তর্জাতিক বিক্রয় প্রতিনিধি ফ্রান্সের পিরামিড ফিল্মস।