সুশীল মালাকার
শেরপুর প্রতিনিধি
‘বৈচিত্র্য বহুত্বের ঐক্যতানে, এসো মিলি এক প্রাণে’—শ্লোগানে শেরপুরে প্রান্তিক জনগোষ্ঠীর সাংস্কৃতিক উত্সব অনুষ্ঠিত হয়েছে। নাগরিক সংগঠন জন উদ্যোগের আয়োজনে গত ১২ ডিসেম্বর রাতে শহরের নবীনগরে প্রথমবারের মতো ভিন্নধর্মী এই সাংস্কৃতিক উত্সব অনুষ্ঠিত হয়।
জন উদ্যোগ শেরপুরের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে সাংস্কৃতিক উত্সব উদ্বোধন করেন শেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম হিরো, জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক আনিসুর রহমান প্রমুখ। বক্তারা প্রান্তিক জনগোষ্ঠীকে মূল স্রোতের সঙ্গে একত্রিত হয়ে দেশের উন্নয়নে সম্পৃক্ত হতে এবং প্রতিবছর এই আয়োজন অব্যাহত রাখার জন্য আয়োজকদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে সীমান্তবর্তী শেরপুর জেলার গারো, হাজং, কোচ, হদি, বানাই, হিজড়াসহ বিভিন্ন জনগোষ্ঠীর শিল্পীরা তাদের নিজস্ব জীবনধারা ও সংস্কৃতির ওপর গান, নাচ ও নাটিকা প্রদর্শন করেন। পরে উদীচী শেরপুরের অংশগ্রহণে নাটক ‘জনৈকের মহাপ্রয়াণ’ মঞ্চস্থ হয়।