মেধা ও বুদ্ধির লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হলো কুইজ প্রতিযোগিতা ‘মাস্টারমাইন্ড ফ্যামিলি বাংলাদেশ’-এর দ্বিতীয় রাউন্ড। ৩২টি দলের অংশগ্রহণে সম্পন্ন হয়েছে এই কুইজ প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ড। প্রতি পর্ব থেকে বিজয়ী একটি পরিবার পৌঁছে গেছে তৃতীয় রাউন্ডে। এবার দ্বিতীয় রাউন্ড থেকে বিজয়ী মোট ১৬টি পরিবার নিয়ে অনুষ্ঠিত হচ্ছে প্রতিযোগিতার তৃতীয় রাউন্ড। এই প্রতিযোগিতার মধ্য দিয়ে প্রতিযোগীরা এ রাউন্ডে তুলে ধরছে তাদের পড়াশোনা, উপস্থিত বুদ্ধি ও জানা-শোনার দক্ষতা। এভাবেই বিভিন্ন চ্যালেঞ্জের মধ্য দিয়ে নির্বাচন করা হবে একটি চৌকস পরিবার, যারা হবে মাস্টারমাইন্ড ফ্যামিলি বাংলাদেশ।
এই প্রতিযোগিতার তৃতীয় রাউন্ড শুরু হয়েছে গতকাল থেকে দুরন্ত টেলিভিশনে। মাস্টারমাইন্ড ফ্যামিলি বাংলাদেশ প্রচারিত হচ্ছে প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টা, রাত ১২টা ও পরদিন দুপুর ২টায়। মেধাভিত্তিক এই প্রতিযোগিতাটি পরিচালনা করছেন সুমনা সিদ্দিকী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন নবনীতা চৌধুরী।
উল্লেখ্য, ১৯৭২ সালে যুক্তরাজ্যে প্রথমবারের মতো মাস্টারমাইন্ড কুইজ প্রতিযোগিতা প্রচারিত হয়। ভিন্নতা ও অন্যান্য বৈশিষ্ট্যের কারণে প্রচারের পর থেকেই দর্শকদের মধ্যে বিপুল সাড়া ফেলে অনুষ্ঠানটি। শুধু যুক্তরাজ্যেই নয়, অনুষ্ঠানটি জনপ্রিয় হয়ে ওঠে বিশ্বের অন্যান্য দেশেও। যার ফলে গত প্রায় ৫০ বছর ধরে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত, আয়ারল্যান্ড, রাশিয়া, তুরস্কসহ বিভিন্ন দেশে কুইজ শোটির অসংখ্য সংস্করণ তৈরি করা হয়েছে।