রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা
রামগঞ্জে মমিন উল্যা নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
বুধবার সকালে চন্ডীপুর ইউনিয়নের ফকিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মমিন উল্যা ঐ এলাকার মৃত হেদায়েত উল্যা মিঝির ছেলে।
নিহতের ছেলে নাছির জানান, তার বাবা মমিন উল্যা ফজর নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে মসজিদে যাওয়ার পথে কে বা কারা তাকে কুপিয়ে হত্যা করে বাড়ির মসজিদ সংলগ্ন কবরস্থানের বাউন্ডারীর ভেতর রেখে পালিয়ে যায়। পরে ঐ বাড়ির লোকজন দেখে মমিন উল্যাহকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। লাশ ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।