কুমিল্লায় ইয়াবাসহ আটক দুই

 কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় সাড়ে ১১ হাজার পিস ইয়াবাসহ শাহীন ও জসিম নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার গভীর রাতে পৃথক অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধারসহ তাদের গ্রেফতার করে।

বুধবার নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।

পুলিশ সুপার জানান, জেলা ডিবির ওসি মো. আনওয়ারুল আজিমের নেতৃত্বে ডিবি পুলিশের দল মঙ্গলবার গভীর রাতে জেলার আদর্শ সদর উপজেলার গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে শাহীনকে আটক করে। এসময় তার দেহ তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ডিবির ঐ দল একই রাতে জেলার সদর দক্ষিণ উপজেলার শ্রীপুর এলাকা থেকে ১ হাজার ৫০০ পিস ইয়াবাসহ একই উপজেলার মুড়াপাড়া গ্রামের জসিমকে গ্রেফতার করে। এসব ঘটনায় মাদক আইনে সংশ্লিষ্ট থানায় পৃথক দুটি মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।