স্পোর্টস রিপোর্টার
মাত্র গত জুলাই মাসে বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছিলেন ফাস্ট বোলিং কোচ শার্ল ল্যাঙ্গাভেল্ট। বাংলাদেশে নতুন পেস বোলার তৈরির নানারকম পরিকল্পনাও করছিলেন। কিন্তু ছয় মাস পার হতে না হতেই বিদায় বলে দিলেন এই দক্ষিণ আফ্রিকান। তার সাবেক জাতীয় দলের পেস বোলিং কোচ হওয়ার জন্য আমন্ত্রণ পেয়ে ছেড়ে দিয়েছেন বাংলাদেশের দায়িত্ব। আর ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) কাছ থেকে অনুরোধ পেয়ে তাকে তাত্ক্ষণিকভাবে দায়িত্ব থেকে ছেড়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দক্ষিণ আফ্রিকান ক্রিকেটের টালমাটাল অবস্থা সামলাতে গত সপ্তাহেই ক্রিকেট পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথকে। তিনি দলের কোচিং স্ট্যাফের বিভিন্ন পদে ফিরিয়ে আনছেন নিজের সাবেক সতীর্থদের। দক্ষিণ আফ্রিকার কোচ হিসেবে এরই মধ্যে দায়িত্ব নিয়েছেন মার্ক বাউচার। দলের উপদেষ্টা হিসেবে কাজ করবেন জ্যাক ক্যালিস। আর এই সাবেক খেলোয়াড়রাই তাকে আরেক সাবেক সতীর্থ ল্যাঙ্গাভেল্টকে চেয়েছেন পেস বোলিং কোচ হিসেবে।
২০০১ থেকে ২০১০ সালের মধ্যে দক্ষিণ আফ্রিকার হয়ে ছয়টি টেস্ট, ৭২টি ওয়ানডে ও ৯টি টি-টোয়েন্টি খেলেছেন ল্যাঙ্গাভেল্ট। সাবেক এই প্রোটিয়া খেলোয়াড়কে তাই যথেষ্ট গুরুত্ব দিচ্ছে সিএসএ। আর তাদের অনুরোধই ফেলতে পারেনি বিসিবি।
গতকাল বিসিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে—সিএসএর সঙ্গে দারুণ বন্ধুত্বের কারণেই তারা সঙ্গে সঙ্গে ল্যাঙ্গাভেল্টকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘আমি নিশ্চিত করতে পারি যে, আমরা তাকে ছেড়ে দেওয়ার জন্য একটা আনুষ্ঠানিক প্রস্তাব পেয়েছি। আমরা সিএসএ-এর সঙ্গে আমাদের শক্ত বন্ধনকে খুব গুরুত্ব দিয়ে থাকি। আমরা সেই সঙ্গে এটাও বিবেচনায় নিয়েছি যে, সে (ল্যাঙ্গাভেল্ট) একজন সাবেক দক্ষিণ আফ্রিকান আন্তর্জাতিক ক্রিকেটার এবং আমরা বুঝতে পারছি যে, ‘সে নিজেও তার নিজের দলের সঙ্গে কাজ করতে চাই। তাই বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, অনতিবিলম্বে তাকে দায়িত্ব থেকে মুক্ত করে দেওয়া হবে।’
এ বছর বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেওয়া ল্যাঙ্গাভেল্টের সঙ্গে বিসিবির চুক্তি ছিল ২০১২ সাল পর্যন্ত। বাংলাদেশ দলের সামনে খুব ব্যস্ত খেলার সূচি। ফলে একজন পেস বোলিং কোচ আবার দ্রুত খুঁজে পেতে হবে তাদের। এরই মধ্যে বিসিবি এই পদে কাজ করার জন্য কয়েক জন কোচের আগ্রহ পেয়েছে। তার পরও তারা তাড়াহুড়ো করতে চায় না বলে বলছিলেন সুজন, ‘ল্যাঙ্গাভেল্ট থাকবে না, এটা প্রচার হওয়ার পর আমাদের সঙ্গে কয়েক জন যোগাযোগ করেছেন। আমরা এ ছাড়াও নিজেদের মতো করে নতুন পেস বোলিং কোচ খুঁজব। তবে আমরা তাড়াহুড়ো করতে চাই না। আশা করি, দ্রুতই নতুন বোলিং কোচ পেয়ে যাব।’