বক্সিং ডে-তে মেলবোর্নে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের জন্য ১৩ সদস্যের স্কোয়াডে ডাক পেয়েছেন অস্ট্রেলিয়ান পেসার পিটার সিডল। ইংল্যান্ডে অ্যাশেজ সিরিজে তিন টেস্ট থেকে ৪২.১৪ গড়ে মাত্র ৭ উইকেট নেওয়ার পর দলের বাইরে চলে যাওয়ায় সিডলের ভবিষ্যত্ হুমকির মুখে পড়ে। ৩৫ বছর বয়সি এই ক্রিকেটার গত মাসে পাকিস্তানের বিপক্ষে সিরিজে হন উপেক্ষিত। জস হ্যাজেলউড ইনজুরিতে পড়ার আগে একবারের জন্যও নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের স্কোয়াড গঠনের আলোচনায় উচ্চারিত হয়নি সিডলের নাম। হ্যাজেলউডের পরিবর্তিত হিসেবে ফেভারিট ছিলেন জেমস প্যাটিনসন। তবে প্রধান নির্বাচক ট্রেভর হনস বলেছেন, ‘হোম গ্রাউন্ড মেলবোর্নে (এমসিজি) সিডলের ভালো সুযোগ রয়েছে। সেখানে তিনি ১৩তম খেলোয়াড় হিসেবে অন্তর্ভুক্ত হবেন। এমসিজির বিষয়ে ব্যতিক্রমী অভিজ্ঞতা দিয়ে তিনি নিজেকে টেস্ট ম্যাচে এরইমধ্যেই প্রমাণ করেছেন। এটি আমাদের প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ।’