সাঙ্গাকারার নেতৃত্বে পাকিস্তান সফর করবে এমসিসি

আগামী বছর শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারার নেতৃত্বে পাকিস্তান সফরে দল পাঠাবে মেরিলেবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। এমসিসি জানিয়েছে, ২০২০ সালের ফেব্রুয়ারিতে লাহোরে একটি দল পাঠাতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আমন্ত্রণ তারা গ্রহণ করেছে। ২০০৯ সালের হামলায় আহত হওয়া ও বর্তমানে অবসরে থাকা সাঙ্গাকারা এক বিবৃতিতে বলেন, ‘পাকিস্তানের মতো দেশের ক্রিকেটকে সমর্থন করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ২০০৯ সালের মর্মান্তিক ঘটনার পর দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে অসাধারণ কাজ করেছে পিসিবি।’ এমসিসির প্রধান নির্বাহী এবং সচিব গাই ল্যাভেন্ডার বলেন, এক দশক ধরে দেশের মাটিতে নিজ দলের খেলা দেখা থেকে বঞ্চিত আছে পাকিস্তানের ক্রিকেট ভক্তরা। তিনি বলেন, ‘অবশ্যই নিরাপত্তার বিষয়টি আমরা গুরুত্বসহকারে বিবেচনা করছি এবং আমাদের সফরটি নিশ্চিত করতে আমরা নিরাপত্তা পরিকল্পনা নিয়ে পিসিবির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি।’