জাতীয় আর্চারি
স্পোর্টস রিপোর্টার
এসএ গেমসে দারুণ কীর্তির পর ১১তম জাতীয় আর্চারিতে ছন্দপতন হলো রোমান সানার। রিকার্ভ পুরুষ এককের সেমিফাইনালে সাকিব মোল্লার কাছে হেরেছেন তিনি।
বাছাইপর্বে সর্বোচ্চ স্কোর নিয়ে মূলপর্বে আসা সানা গতকাল বুধবার টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিলেন তিরন্দাজ সংসদের আর্চার সাকিব মোল্লার। তবে ম্যাচটা ৬-২ ব্যবধানে হেরে ব্রোঞ্জ ফাইনালে নেমে যান তিনি। সেখানে অবশ্য রাকিব ইসলামকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছেন সানা। অলিম্পিয়ন এ আর্চারকে হারানো সাকিবের কপালেও অবশ্য সোনা জোটেনি। রামকৃষ্ণ সাহার কাছে হেরে রুপা নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তাকে।
নারী রিকার্ভ এককে স্বর্ণ জিতেছেন বিউটি রায়। সিয়াম সিদ্দিক ও সোমা বিশ্বাস কম্পাউন্ড বিভাগের পুরুষ ও নারী বিভাগে স্বর্ণজয় করেছেন। আজ বৃহস্পতিবার প্রতিযোগিতার দলগত ইভেন্টের সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে।