আবার বাড়ল সোনার দাম

ভরিতে বেড়েছে ১১৬৬ টাকা পর্যন্ত

g ইত্তেফাক রিপোর্ট

এক মাসের ব্যবধানের বাড়ল সোনার দাম। অলংকার তৈরিতে সবচেয়ে বেশি ব্যবহূত এ ধাতুর দাম আজ বৃহস্পতিবার থেকে প্রতি ভরি ১ হাজার ১৬৬ টাকা বাড়ছে। তবে সনাতন পদ্ধতির সোনার দাম অপরিবর্তিত থাকছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক বিজ্ঞপ্তিতে গতকাল নতুন এ মূল্য সম্পর্কে জানিয়েছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংগতি রেখে দেশের বাজারে সোনার দাম নির্ধারণ করা হয় বলে দাবি বাজুসের।

বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা গেছে, সবচেয়ে ভালো মানের অর্থাত্ ২২ ক্যারেটের সোনা প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বিক্রি হবে ৫৯ হাজার ১৯৪ টাকা দরে। গতকাল বুধবার পর্যন্ত এ মানের সোনার ভরি প্রতি বিক্রয়মূল্য ছিল ৫৮ হাজার ২৮ টাকা। পরবর্তী দাম নির্ধারণ না হওয়া পর্যন্ত ২১ ক্যারেটের সোনা ভরি প্রতি বিক্রি হবে ৫৬ হাজার ৮৬২ টাকা দরে। আগে এ মানের প্রতি ভরি সোনার বিক্রয়মূল্য ছিল ৫৫ হাজার ৬৯৬ টাকা। আর ১৮ ক্যারেটের সোনা ভরি প্রতি বিক্রি দর দাঁড়িয়েছে ৫১ হাজার ৮৪৬ টাকা। গতকাল পর্যন্ত এ মানের সোনার ভরি প্রতি দাম ছিল ৫০ হাজার ৬৮০ টাকা। আর সনাতন পদ্ধতির সোনা ভরি প্রতি ২৯ হাজার ১৬০ টাকায় অপরিবর্তিত আছে। এদিকে রুপার দামও অপরিবর্তিত রয়েছে। ২১ ক্যাডমিয়ামের প্রতি ভরি রুপার বিক্রিয়মূল্য ৯৩৩ টাকা।