মাহমুদুল্লাহ-ইমরুলের ব্যাটে ২০০ পেরোল চট্টগ্রাম

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হাত ধরে প্রথম দলীয় দ্বিশতক দেখলো বঙ্গবন্ধু বিপিএল। প্রথমে আভিশকা ফার্নান্দো মাঝে লেন্ডল সিমন্স ও ইমরুল কায়েস এবং শেষে মাহমুদুল্লাহ ও ওয়ালটনের ঝড়ো ব্যাটিংয়ে ঢাকা প্লাটুনের বিপক্ষে ২২১ রানের পাহাড়সম স্কোর দাড় করিয়েছে চট্টগ্রাম। 

টস হেরে ব্যাট করতে নেমে ফার্নান্দোর ব্যাটে উড়ন্ত সূচনা পায় চট্টগ্রাম। ওপেনিং জুটিতে ২৮ বলে ৫১ তুলেন সিমন্স ও ফার্নান্দো। ১৩ বলে ২৬ রান করে লঙ্কান ওপেনার বিদায় নিলে ক্রিজে আসেন ইমরুল। শুরুতে একটু সময় নিলেও পরে হাত খুলে খেলতে থাকেন। দুজনের জুটিতে ৩৪ বলে ৫০ রান বড়ো সংগ্রহের বার্তা দেয়। সিমন্স ৩৬ বলে ৫৭ রান খেলে আউট হওয়ার পর মাহমুদুল্লাহ এসে রানের খাতা খুলেন ছয় দিয়ে। দুজন যেন পাল্লা দিয়ে রান করতে থাকেন। ফলে মাত্র ২৭ বলে ৬২ রান আসে তাদের জুটিতে। ২৪ বলে খেলা ৪০ রান করে বিদায় নেন ইমরুল। এরপর ২৮ বলে ৫৯ রানের অতিমানবীয় ইনিংস খেলে আউট হন মাহমুদুল্লাহ। শেষ দিকে চ্যাডউইক ওয়ালটন ১৮ বলে ২৭ রানের ইনিংস খেললে শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ২২১ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় চট্টগ্রাম। 

আরও পড়ুন: ১ জানুয়ারি থেকে সিঙ্গেল ডিজিট সুদহার কার্যকর: অর্থমন্ত্রী

পাহাড়সম রান তাড়া করতে নেমে শুরুতেই ফিরে যান এনামুল হক। তবে মুমিনুল ও জাকের আলীর ৫২ রানের জুটিতে শুরুর ধাক্কা সামলায় ঢাকা।  দলীয় ৬০ রানে জাকের ফিরে গেলে এভিন লুইস ১৭ (১১) ও আসিফ আলী ১৫ (৬) কিছুটা আশা জাগালেও দ্রুতই ফিরে যান। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪০ রান করতে সমর্থ হয়েছে মাশরাফির দল। ক্রিজে আছেন থিসারা পেরেরা ১৬ (৬) এবং আফ্রিদি ৯ (৫)। 

ইত্তেফাক/এসইউ