চীনে তৈরি দুটি ফ্রিগেট নৌবাহিনীর নিকট হস্তান্তর

ইত্তেফাক রিপোর্ট

গণচীনে নির্মিত দুটি ফ্রিগেট ওমর ফারুক ও আবু উবাইদাহ বাংলাদেশ নৌবাহিনীর নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। গতকাল বুধবার সাংহাইয়ের সেনজিয়া শিপইয়ার্ডে ঐতিহ্যবাহী রীতিতে জাহাজ দুটি বাংলাদেশ নৌবাহিনীর নিকট হস্তান্তর করা হয়। হস্তান্তর অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় বাংলাদেশ নৌবাহিনীর সহকারী নৌপ্রধান (পারসোনেল) রিয়ার এডমিরাল এম শাহীন ইকবাল এবং  চীনের নৌবাহিনীর ইস্টার্ণ ফ্লিটের ডেপুটি কমান্ড্যান্ট রিয়ার এডমিরাল বাই ইয়াওপিংসহ দুই দেশের নৌবাহিনীর উচ্চপদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আধুনিক এই যুদ্ধজাহাজ দুটির প্রতিটির দৈর্ঘ্য ১১২ মিটার এবং প্রস্থ ১২ পয়েন্ট ৪ মিটার যা ঘণ্টায় সর্বোচ্চ ২৪ নটিক্যাল মাইল গতিতে চলতে সক্ষম। প্রতিটি জাহাজ বিভিন্ন আধুনিক যুদ্ধ সরঞ্জামে সুসজ্জিত। এছাড়া অন্যান্য আধুনিক সমরাস্ত্রের পাশাপাশি জাহাজে রয়েছে সমুদ্রে উদ্ধার তত্পরতা, সন্ত্রাস ও জলদস্যু দমন এবং চোরাচালানবিরোধী নানাবিধ অপারেশন পরিচালনার সক্ষমতা। জাহাজ দুটি দেশের জলসীমার সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দুর্যোগকালীন জরুরি উদ্ধার ও ত্রাণ তত্পরতা, অবৈধ মত্স্য নিধন, সমুদ্র ও উপকূলীয় এলাকায় মানবপাচার ও চোরাচালান প্রতিরোধ, জলদস্যুতা দমন, জেলেদের নিরাপত্তা বিধানসহ বর্তমান সরকারের ব্লু-ইকোনমির বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যুদ্ধজাহাজ দুটি আগামী মাসে বাংলাদেশে এসে পৌঁছাবে বলে আশা করা যায়।