ভারতের এনআরসি সম্পর্কে ইনু-শিরীন
ইত্তেফাক রিপোর্ট
ভারতের নাগরিকত্ব সংশোধন আইন-২০১৯ ও নাগরিক পঞ্জি ভারতের অভ্যন্তরীণ বিষয় হলেও এ আইনে অযাচিত ও অযৌক্তিকভাবে পাকিস্তান ও আফগানিস্তানের কাতারে রেখে বাংলাদেশকে মুসলিম রাষ্ট্র হিসেবে উল্লেখ করা ও ধর্মীয় কারণে নির্যাতিত হয়ে বাংলাদেশ থেকে অমুসলিম নাগরিকদের ভারতে যাওয়ার বিষয় উল্লেখ করা এবং আসামে নাগরিক পঞ্জিতে আসামের অধিবাসী ভারতীয় কয়েক লাখ নাগরিককে বাংলাদেশের নাগরিক হিসেবে চিহ্নিত করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি।
গতকাল বুধবার এক যুক্ত বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, বাংলাদেশ আশা করে, ভারত সরকার সে দেশের কোনো অধিবাসীকে বাংলাদেশের নাগরিক হিসেবে চিহ্নিত করে তাদের বাংলাদেশ সীমান্তের দিকে ঠেলে দেওয়া বা পুশ-ইন করার পদক্ষেপ গ্রহণ করবেন না। এ ধরনের পদক্ষেপ বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দপূর্ণ সম্পর্কের মধ্যে অস্বস্তি-অবিশ্বাসের বীজ বপন করতে পারে।