চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা
হবিগঞ্জের চুনারুঘাটে সারা দেশের মধ্যে বৃহত্তম শিল্প-সংস্কৃতি-সংগ্রাম আমাদের যুদ্ধ অবিরাম, এই স্লোগানকে সামনে রেখে পাঁচ দিনব্যাপী উত্সবের ২য় দিনের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। পৌর শহরের চুনারুঘাট ডিসিপি হাইস্কুল মাঠে বুধবার সন্ধ্যায় অনুষ্ঠানের প্রথম পর্বে কবিতা পাঠ উপলক্ষ্যে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলা নিউজ টোয়েন্টিফোর. কম সম্পাদক কবি জুয়েল মাজহার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সমকাল পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কবি মুস্তাফিজ শফি।
চুনারুঘাট সাহিত্য সংস্কৃতি পরিষদের উদ্যোগে ৩০ বছর পূর্তিতে আয়োজিত পাঁচ দিনব্যাপী ২য় দিনের ১ম পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তারুণ্যের জয় গানের ওপরই দাঁড়িয়ে আছে বাংলাদেশ। সংস্কৃতি চর্চার মাধ্যমে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। দেশে জঙ্গিবাদ সন্ত্রাস মোকাবিলায় সংস্কৃতিকর্মীকে অপরিহার্য ভূমিকা রাখতে হবে। দ্বিতীয় পর্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কবি ও নাট্যকার রুমা মোদকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক এমপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজকের তরুণরাই আগামীর সোনার বাংলা গড়ার কারিগর। তরুণদের হাত ধরেই দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।
সংস্কৃতি চর্চার মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হবে। তৃতীয় পর্বে ঢাকার গানের দল সর্বনাম অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে। চতুর্থ পর্বে নাটক পরিবেশনায় ছিল চুনারুঘাট সাহিত্য সংস্কৃতি পরিষদ। পঞ্চম পর্বে অনুষ্ঠিত হয় বাউল গান ও সাধুসঙ্গ।