বাবা-ছেলেসহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৪

আওয়ামী লীগের নেতা ও বাবা-ছেলেসহ বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আট জন নিহত হয়েছেন। গত মঙ্গলবার ও গতকাল বুধবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—

চকরিয়া (কক্সবাজার) :চকরিয়ায় সৌদিয়া বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। গত মঙ্গলবার কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার খুঁটাখালী মইক্কাঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন খুঁটাখালী ইউনিয়নের হেতালিয়া পাহাড় গ্রামের সিএনজি অটোরিকশাচালক নুরুল আলম নুরু (৩২) ও তার ছেলে মনুর আলম (৮)। এ ঘটনায় আরো আহত হয়েছেন একই পরিবারের নুরুর স্ত্রী ময়কুন নাহার, ছোটো ছেলে আবদুর রহিম এবং তার মামাতো ভাই নুরুল আলম।

নেত্রকোনা :নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুরে লরি ও অটোরিকশার মুখামুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। নিহতরা হলেন দুর্গাপুর উপজেলার চণ্ডীগর ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের জামাল মুন্সি (৫৮) ও কলমাকান্দার নাজিরপুর ইউনিয়নের আনন্দপুর গ্রামের কাইয়ুম (৫৫)। গতকাল কলমাকান্দা-দুর্গাপুর সড়কের বাদে আমতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বদরগঞ্জ (রংপুর) :বদরগঞ্জে প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বেনজির আহম্মেদ (৪২) নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। তিনি উপজেলার কালুপাড়া ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। মঙ্গলবার রাতে পৌর শহরের মুন্সীপাড়া মহল্লার পেট্রোলপাম্প নামক       

এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নওগাঁ :নওগাঁ-আত্রাই আঞ্চলিক সড়কের মিরাপুর এলাকায় গতকাল বালুবোঝাই ট্রাক্টরের চাপায় মোটরসাইকেলের আরোহী জালাল খন্দকার বাবু (৩৫) নিহত হয়েছেন। তিনি রাণীনগর বাজার এলাকার আব্দুর রশিদ খন্দকারের ছেলে।

কাঠালিয়া (ঝালকাঠি) : কাঠালিয়া-আমুয়া সড়কের বাইপাস মোড়ে গতকাল নসিমন ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মোসলেম আলী (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। তিনি উপজেলার আমুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

ভ্রাম্যমাণ :ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের হাটগোপালপুর পাওয়ার হাউজের সামনে গতকাল মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মুন্না হোসেন (২২) নামে একজন নিহত হয়েছেন। মুন্না সদর উপজেলার পুটিয়া গ্রামের ইউনুস আলীর ছেলে।

ফুলবাড়ী (দিনাজপুর) :নবাবগঞ্জের দোমাইল গ্রামের মসজিদের সামনের রাস্তায় ট্রাক্টটরের চাকায় পিষ্ট হয়ে গতকাল হেলপার নুরুন্নবী হোসেনের (২৫) মৃত্যু হয়েছে। নুরন্নবী হোসেন রংপুরের মিঠাপুকুর উপজেলার বিছনা গ্রামের আফজাল হোসেনের ছেলে।