আবু সাইয়িদ পাকিস্তানের গোয়েন্দা সংস্থার অর্থে নির্বাচন করছে: টুকু

পাবনা-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব এ্যাড শামসুল হক টুকু এমপি বলেছেন, 'নৌকা বিজয়ী হলে দেশে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। প্রতিটি গ্রাম হবে শহর। প্রায় দেড় কোটি যুবকের কর্মসংস্থান হবে এবং দ্বিতীয়  পদ্মাসেতু বাস্তবায়ন করা হবে। দেশ থেকে পুরোপুরিভাবে মাদক,জঙ্গীবাদ,বাল্যবিবাহ দূর করা হবে।'

গতকাল মঙ্গলবার  বিকেলে পাবনার সাঁখিযা উপজেলার কাশিনাথপুর বাজারে  কাশিনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী সভায় তিনি  এ কথা বলেন।

এ  সময় তিনি আরও বলেন, 'মুক্তিযুদ্ধের চেতনা দেশ থেকে মুছে ফেলার চক্রান্ত চলছে। বিএনপি ক্ষমতায় এলে দেশে উগ্রবাদের উত্থান হবে। ঐক্যফ্রন্টের প্রার্থী আবু সাইয়িদ পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএস’র অর্থে নির্বাচন করছেন সে দেশের এজেন্ডা বাস্তবায়নের জন্য। আওয়ামী লীগ একটি অসাম্প্রদায়িক দল। আওয়ামী লীগ সরকারে থাকলে সব ধর্মের মানুষ সুখে-শান্তিতে থাকতে পারে।'

তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নৌকায় ভোট দিয়ে আবারও বিজয়ী করার আহবান জানান।

কাশিনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মীর মনজুর এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাঁথিয়া উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, সহ-সভাপতি হাসান আলী খান, বেড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ: কাদের, সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ নজরুল ইসলাম, কাশিনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন প্রমুখ।

ইত্তেফাক/নূহু